টুইটার থেকে আমাজনে কেনাকাটা
জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজন ডট কম থেকে এবার কেনাকাটা করা যাবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার দিয়েই। এ বিষয়ে আমাজন এবং টুইটারের মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে। এ পদ্ধতিতে টুইটার ব্যবহারকারীরা নিজেদের পছন্দের পণ্য কেনার তালিকাও তৈরি করতে পারবেন বিশেষ হ্যাসট্যাগ (#) দিয়ে। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে #amazoncart এবং যুক্তরাজ্য থেকে #amazonbasket ট্যাগ ব্যবহার করতে হবে।
সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে ক্রেতাদের পণ্য কেনায় আগ্রহী করে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে আমাজন। ডিজিটাল বিপণন বিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান লিউইস প্লাসের এশিয়া-প্যাসিফিক প্রধান সানজানা চাপ্পাল্লি বলেন, ‘টুইটার, ফেসবুক ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গ্রাহকদের আরো সহজেই পণ্যসেবা দিতেই এমন উদ্যোগ, যা সত্যিকার অর্থেই দারুণ।’ নতুন এ উদ্যোগে আমাজন যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গ্রাহক পাবে, তেমনি টুইটার আরও বেশি কতটা সময় ব্যবহারকারীদের টুইটারে যুক্ত রাখতে পারে, সেটিই হবে মূল বিষয়।
—বিবিসি অবলম্বনে কাজী আলম