টুইটার ফেসবুকে ব্যস্ত সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাত্কারে নিজেই এ কথা জানান সু চি।সাক্ষাত্কারে সু চি বলেন, ‘আমার কোনো সময়ই নেই। টুইটার বা ফেসবুক নিয়ে বসলেই প্রচুর সময় ব্যয় হয়। তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, অনেক কাজ জমে গেছে। কারণ, গৃহবন্দী থাকার সময় দেশ ও জনগণের জন্য কোনো কাজ করতে পারিনি।’ দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর গত নভেম্বরে মুক্তি পান নোবেল পুরস্কারজয়ী সু চি। মুক্তি পাওয়ার পরপর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেন।মিয়ানমারে ইন্টারনেটের গতি খুবই কম। দেশটিতে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়া এবং অনলাইনে ভিন্নমতাবলম্বীদের কারাগারে পাঠানোর রেকর্ড আছে সরকারের। তবে ইন্টারনেট ব্যবহারকারীরা বলছেন, আগে বেশকিছু ওয়েবসাইট বন্ধ ছিল, এখন তাঁরা সেগুলো ব্যবহার করতে পারছেন। —এএফপি