টুইটার বার্তায় ওবামার অভিনন্দন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য জয়ী হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ড বারাক ওবামা। খুদে ব্লগ লেখার সাইট টুইটারে তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, ভাগ্যক্রমে আমরা জয়লাভ করিনি, নির্বাচনে আমাদের বিজয় কোনো দুর্ঘটনা নয়। আপনারাই এর কৃতিত্বের দাবিদার।’ পাশাপাশি ওবামা আরও লেখেন, ‘আমরা সবাই এভাবেই একত্র আছি। এভাবেই আমরা প্রচারণা চালিয়েছি। সবাইকে ধন্যবাদ।’ ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ওবামা নিজের জয়ের খবরটি টুইটারের মাধ্যমে সবাইকে জানান। নির্বাচন উপলক্ষে ওবামার টুইটার (@BarackObama) পাতা বিশেষভাবে সাজানো হয়। পাশাপাশি তাঁর স্ত্রী মিশেল ওবামাসহ (@MichelleObama) নির্বাচনী কাজে ব্যবহূত বিভিন্ন টুইটারের ঠিকানাও দেওয়া ছিল। ওবামার নির্বাচন জয়ের খবর আর যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দুটি বিষয় নিয়েই সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, টুইটারসহ বিভিন্ন মাধ্যম ছিল বেশ সক্রিয়। আর শুধু নির্বাচনের দিনেই প্রায় দুই কোটিরও বেশি টুইট হয়েছে! ওবামাকে ভোট দিয়ে অনেক সমর্থক টুইটার আর ফেসবুকের ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন। লিখেছেন, আমরা ভোট দিয়েছি। শুধু টুইটই নয় এর পাশাপাশি ওবামার বেশ কিছু ছবিও প্রকাশ করা হয় টুইটারে। টুইটার আর সামাজিক যোগাযোগের সাইটের পাশাপাশি ওবামার ব্যক্তিগত ওয়েবসাইটেও (www.barackobama.com) বলা হয়, ধন্যবাদ, এটা আপনাদের জয়। সব মিলিয়ে এবারের নির্বাচনের দারুণভাবে ব্যবহূত হয়েছে সামাজিক যোগাযোগ সাইটগুলো। —টাইমস অব ইন্ডিয়া ও টুইটার