টুইটারকে টপকাল ইনস্টাগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহারকারীর হিসাবে টুইটারকে টপকে গেছে ইনস্টাগ্রাম
ব্যবহারকারীর হিসাবে টুইটারকে টপকে গেছে ইনস্টাগ্রাম

ব্যবহারকারীর হিসাবে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে ছাড়িয়ে গেছে অনলাইনে মোবাইল থেকে ছবি ও ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দাবি করেছে, ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে ইনস্টাগ্রাম। আর তাদের এই সাইটটি পৃথিবীকে বদলে দেওয়ার সক্ষমতা রাখে।
ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কেভিন সিসট্রোম ৩০ কোটির মাইলফলক ছোঁয়ার বিষয়টিকে ‘চমত্কার’ অর্জন বলে উল্লেখ করেছেন এবং ইনস্টাগ্রামের ব্যবহার আরও বাড়বে বলে জানিয়েছেন। 
টুইটার কর্তৃপক্ষের দাবি, তাদের এই সাইটটিতে প্রতি মাসের হিসাবে ২৮ কোটি ৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। 
বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ব্যবহারকারীর দিক থেকে শীর্ষে রয়েছে ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩৫ কোটি। ২০১২ সালে ইনস্টাগ্রামকে কিনেছে ফেসবুক। 
নিউজবিটকে দেওয়া সাক্ষাত্কারে সিসট্রোম বলেছেন, ‘ইনস্টাগ্রাম এখন আর কেবল সুন্দর সুন্দর ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম নয়, বর্তমান পৃথিবীর সঠিক চিত্র তুলে ধরতে সক্ষম এই সামাজিক যোগাযোগের সাইটটি।’
ফেসবুক ও টুইটারের পরিচয় নিশ্চিত হলে যেমন নীল রঙের টিক চিহ্ন দিয়ে সেই ভেরিফায়েড অ্যাকাউন্ট বোঝানো হয়, সে পদ্ধতিটি ইনস্টাগ্রামেও যুক্ত হচ্ছে। 
সিসট্রোম বলেন, ‘আমরা ব্যবহারকারীদের সবাইকে সঠিকভাবে চিহ্নিত করতে চাই এবং যাতে সঠিক মানুষটিকেই অনুসরণ করা হয়, সে বিষয়টি নিয়ে কাজ করছি। ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের প্রতারণার ফাঁদে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ফেলতে চাই না। আমরা যখনই ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট পাব, তা মুছে দেব। এতে হয়তো অনেকের ফলোয়ার সংখ্যা কমে যাবে কিন্তু আমরা সত্যিকারের ব্যবহারকারীদের প্রাধান্য দিতে চাই।’ 

২০১০ সালের অক্টোবর মাসে কেভিন সিসট্রোম ও মাইক ক্রেইগার মিলে ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল ইনস্টাগ্রাম। সম্প্রতি এই সাইটটিতে বিজ্ঞাপন প্রদর্শনও শুরু হয়েছে।
অবশ্য অনেকেই ইনস্টাগ্রামের এই বিজ্ঞাপন দেখে খুশি নন। কেভিন সিসট্রোম এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিষ্ঠানটিকে আরও বড় করার জন্য এবং বড় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য বিজ্ঞাপন প্রয়োজন ছিল। যখন ৩০ কোটি ব্যবহারকারীর সেবা হিসেবে একটি প্রতিষ্ঠান দাঁড়াবে, তা চালানো খুব সহজ কথা নয়। কারণ, আমাদের এ ক্ষেত্রে আরও লোক নিয়োগ দিতে হচ্ছে।’
টুইটারের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে ইনস্টাগ্রাম। টুইটার যখন ভিডিও শেয়ারিং অ্যাপ ভাইন কিনল, তখনই ইনস্টাগ্রামেও সে ধরনের সেবা যুক্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটকে ঠেকাতে সরাসরি বার্তা পাঠানোর সুবিধাও চালু করেছে ইনস্টাগ্রাম।
তাহলে ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামের সম্পর্ক কী? সিসট্রোম বলেন, ‘ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম আন্তরিক সম্পর্ক রেখেই কাজ করছে বলে যেকোনো ভুল থেকে শিক্ষা নিতে পারছে। আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তা এড়ানোর সব চেষ্টাই চালিয়ে যাচ্ছি।’