টুইটারকে টপকাল ইনস্টাগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৩০ কোটি—ঘোষণা দিচ্ছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম—এএফপি
ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৩০ কোটি—ঘোষণা দিচ্ছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রোম—এএফপি

ছবি ভাগাভাগি করার জনপ্রিয় অ্যাপ্লিকেশন (অ্যাপ) ইনস্টাগ্রামের ব্যবহারকারী ৩০ কোটি ছাড়িয়েছে। ফলে ব্যবহারকারীর দিক থেকে টুইটারকে টপকে গেল ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মাধ্যমে এখন প্রতিদিন প্রায় সাত কোটি ছবি ও ভিডি ভাগাভাগি করা যাচ্ছে। খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের ব্যবহারকারীর সংখ্যা এখন ২৮ কোটি চার লাখ।
ব্যবহারকারী বাড়ার এমন বিষয়ে ইনস্টাগ্রাম ব্লগে প্রকাশিত এক বার্তায় প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন সিস্ট্রোম বলেন, ‘নিয়মিত ভালো সেবা দেওয়ার কারণেই বেশি বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে। আমরা আমাদের এ সেবা আরও বেশি করে দিতে চাই।’ তিনি বলেন, ইনস্টাগ্রাম এমন একটি সেবা, যা দিয়ে সহজেই নিজের প্রিয় সন্তান বা প্রিয় যেকোনো বিষয়ের ছবি অন্যদের দেখানো যায়।
২০১২ সালে ইনস্টাগ্রামকে কিনে নেয় ফেসবুক। যার বর্তমানে প্রতি মাসে ব্যবহারকারী সংখ্যা ১৩৫ কোটি! বর্তমানে ফেসবুক এবং টুইটারের মতো ইনস্টাগ্রামও বিভিন্ন অ্যাকাউন্ট ভেরিফায়েড করার সুবিধা দিচ্ছে। এ বিষয়ে সিস্ট্রোম বলেন, ‘আমরা শুধু ছবি শেয়ারই নয়, সঠিক ব্যবহারকারীদের চিহ্নিত করতে এবং স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধ করতে এ সুবিধা চালু করেছি।’ ২০১০ সালের অক্টোবরে কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিগার চালু করেন ইনস্টাগ্রাম। —ইনস্টাগ্রাম ব্লগ ও বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী