টুইটারকে পেছনে ফেলেছে লিঙ্কডইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিঙ্কডইন
লিঙ্কডইন

২৫ কোটি ব্যবহারকারীর মাইলফলক পেরিয়ে গেছে পেশাদারদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে খ্যাত লিঙ্কডইন। লিঙ্কডইনের প্রধান নির্বাহী জেফ ওয়েনার সম্প্রতি প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশের সময় এ তথ্য জানিয়েছেন।|
জেফ ওয়েনার জানিয়েছেন, বর্তমানে প্রতি মাসে লিঙ্কডইনের সক্রিয় ব্যবহারকারী দাঁড়িয়েছে ২৫ কোটি ৯০ লাখ, যা বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন মাসে ছিল ২৩ কোটি ৮০ লাখ। ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে লিঙ্কডইন ব্যবহারকারী ছিল ১৮ কোটি ৭০ লাখ। অর্থাত্ এক বছরে লিঙ্কডইনে সাত কোটিরও বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ১২০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ফেসবুক। ৩০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল প্লাস। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে টুইটারকে ছাড়িয়ে গেল লিঙ্কডইন। বর্তমানে ২৩ কোটি সক্রিয় ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন।

ওয়েনার আরও জানিয়েছেন, দ্রুত লিঙ্কডইনেরর ব্যবহারকারী বেড়ে যাওয়া ও এতে সক্রিয় থাকার কারণে বছরের তৃতীয় প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। ওয়াল স্ট্রিটের বাজার বিশ্লেষকেরা ধারণা করেছিলেন এ বছর ৩৮ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার লাভ করবে প্রতিষ্ঠানটি কিন্তু বাস্তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার লাভ করেছে লিঙ্কডইন। চলতি বছরের চতুর্থ প্রান্তিক অর্থাত্ ডিসেম্বর মাস পর্যন্ত লিঙ্কডইনের আয় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

লিঙ্কডইন সাইটটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের সাইট হিসেবে লিঙ্কডইন দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে গবেষকেরা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলকে গুরুত্ব দেন চাকরিদাতারা।