টুইটারে আধা ঘণ্টার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং, টুইটারে আধা ঘণ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী সাজা কায়সার আলী এবং দেশটির ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: বিবিসি
ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং, টুইটারে আধা ঘণ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী সাজা কায়সার আলী এবং দেশটির ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: বিবিসি

বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং আর ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন টুইটারে ভারতের প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের দখল নিয়ে লড়াই করছেন, এমন সময় আধা ঘণ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী সেজে বসেছিলেন ১৯ বছরের এক তরুণ। বিবিসি ট্রেন্ডিং এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কায়সার আলী নামের লক্ষেৗয়ের ওই তরুণের কোনো ধারণাই ছিল না যে, তিনি বিশ্বের বৃহত্ গণতান্ত্রিক দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টের দখল নিয়ে চলমান প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছেন। বিবিসি ট্রেন্ডিংকে ওই তরুণ বলেন, তিনি কেবল নিজের টুইটার অ্যাকাউন্টকে নতুন কোনো আকর্ষণীয় নাম দিতে চেয়েছিলেন। ‘পিএমওইন্ডিয়া’ (প্রাইম মিনিস্টারস অফিস ইন্ডিয়া) নামে চেষ্টা করার সময় ওই নামটি ফাঁকা পেয়ে সঙ্গে সঙ্গেই তা নিজের নামে নিয়ে নেন কায়সার আলী।
কিন্তু কায়সার যখন ‘পিএমওইন্ডিয়া’ অ্যাকাউন্টটি নিজের নামে সেভ করেন, তখন সদ্য লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপির ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকজন চেষ্টা চালাচ্ছেন ওই নামে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে। আর বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কর্মকর্তারা প্রায় ১০ লাখ অনুসরণকারীসহ (টুইটার ফলোয়ার) অ্যাকাউন্টটি কীভাবে নিজেদের কাছেই রাখা যায়, তা নিয়ে চেষ্টা চালাচ্ছেন।

অবশ্য আধা ঘণ্টা পর যেভাবেই হোক, কায়সারের টুইটার অ্যাকাউন্ট তাঁর আগের নামে চলে যায় এবং হাঁফ ছেড়ে বাঁচেন কায়সার। প্রধানমন্ত্রীর দপ্তরের নামে অ্যাকাউন্ট দখলে পেয়ে ভয়ও পেয়েছিলেন তিনি।

মনমোহন সিংয়ের দপ্তর থেকে @PMOIndia নামে টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এখন বিজেপি নেতারা ওই অ্যাকাউন্টটি নিজেদের দখলে চান। এতে রাজি হয়নি কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দপ্তর। পরে অ্যাকাউন্টটিকে @PMOIndiaArchive নামে রূপান্তর করে তা নিজেদের কাছেই রেখে দিতে সক্ষম হন তাঁরা। বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার অ্যাকাউন্টকে রাষ্ট্রীয় সম্পত্তি দাবি করে মনমোহন সিংয়ের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।