টুইটারে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া সম্পর্কে যখনই কোনো কিছু লেখা হয়, তখন ‘বিচ্ছিন্ন’ বা ‘নিঃসঙ্গ’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়। এই নিঃসঙ্গ রাষ্ট্রটিই গত সপ্তাহে খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে যোগ দিয়েছে। উত্তর কোরিয়া থেকে টুইটারে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তা হচ্ছে @urinzok। এর অর্থ হচ্ছে ‘আমাদের জনগণ’। এরই মধ্যে এই টুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে চার হাজারের বেশি। গত মাসে একজন উত্তর কোরীয় নাগরিক ছবি ও ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট ইউটিউবে চ্যানেল খোলার পর এই টুইটার অ্যাকাউন্ট খোলা হলো। ওই ইউটিউব চ্যানেলে প্রায় ৮০টি ভিডিও পোস্ট করা হয়েছে। বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালানোর জন্যই ইউটিউব ও টুইটারে নিজেদের যুক্ত করছে উত্তর কোরীয়রা। উত্তর কোরিয়ায় যে ব্যক্তি টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তিনি তাঁর সর্বশেষ টুইট বা বার্তায় লিখেছেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রের ‘গণিকা’। যুক্তরাষ্ট্রের বোস্টনে টাফটস ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতি বিষয়ের অধ্যাপক সুং ইয়ুং লি বলেন, উত্তর কোরীয়রা এখন তাঁদের নিজের ভাষায় এসব বার্তা পোস্ট করছেন। তবে শিগগিরই তাঁরা ইংরেজিতে বার্তা পাঠানো শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড ইউনিভার্সটির উত্তর কোরিয়াবিষয়ক গবেষক হ্যাজেল স্মিথ বলেন, উত্তর কোরীয়রা প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি শিক্ষিত। ২০ বছরেরও বেশি সময় ধরে দেশটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করছে। তবে পরিহাসের বিষয় এই যে উত্তর কোরিয়ার দুই কোটি ৩০ লাখ জনগণের অধিকাংশেরই ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান