টুইটারে এখন শাভেজকে অনুসরণ করছে প্রায় আড়াই লাখ মানুষ
দুই সপ্তাহ হয়নি টুইটারে নিজের অ্যাকাউন্টটি খুলেছেন। এরই মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ফলোয়ারের সংখ্যা সবাইকে ছাড়িয়ে গেছে। খুদে ব্লগ লেখার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে (www.twitter.com) গত শনিবার সকালে তাঁর ফলোয়ারের (যাঁরা টুইটারে কাউকে অনুসরণ করেন) সংখ্যা দুই লাখ ৩৭ হাজার ছাড়িয়ে যায়। ভেনেজুয়েলার আর কারও এত ফলোয়ার টুইটারে নেই। সম্প্রতি এক টেলিভিশন বক্তৃতায় শাভেজ বলেন, টুইটারে অনেকে আমার সমালোচনা করেন। কেউ কেউ আবার অপমান করার চেষ্টা করেন। কিন্তু তাতে আমার কিছু যায়-আসে না। কারণ বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখার এটাও একটা ধরন।শাভেজ গত ২৭ এপ্রিল টুইটারে ‘শাভেজক্যানদানগা’ নামে একটি অ্যাকাউন্ট খোলেন। তিনি তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘টুইটারের মাধ্যমেই আমি আমার সমর্থক ও বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে চাই। যোগাযোগ করার একটি ভালো মাধ্যম এটি।’ শাভেজ টুইটার বার্তায় তাঁর সমর্থকদের এতে যোগ দেওয়ার আহ্বান জানান। এখন প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ শাভেজের ফলোয়ার হচ্ছে। শাভেজ এ পর্যন্ত টুইটারে সমর্থক সমালোচকদের কাছ থেকে প্রায় ৫৪ হাজার বার্তা পেয়েছেন। শাভেজ জানান, এত লোকের এত কথার বজাব দেওয়ার জন্য তিনি প্রায় ২০০ সহযোগীর একটি দল গঠন করেছেন। তাঁরা এসব সামলাবেন। ভেনেজুয়েলার বিরোধীদলীয় আইনপ্রণেতা হুয়ান হোসে মলিনা বলেন, শাভেজের এই জনপ্রিয়তা দেখে তিনি বিস্মিত হননি। তবে একজন প্রেসিডেন্ট যদি এভাবে অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেন, তাহলে তিনি কাজ করবেন কখন! —এপি অবলম্বনে রোকেয়া রহমান