টুইটারে জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামা নতুন বছরের শুরুতে খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ব্যবহার করা শুরু করেছেন। পাশাপাশি ইন্টারনেটে নিজস্ব একটি ব্লগসাইটও চালু করেছেন তিনি।দেশে জনসমর্থন কমে যাওয়ার মুখে জনগণের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি এভাবে ইন্টারনেটের আশ্রয় নিয়েছেন। হাতোইয়ামা ১ জানুয়ারি থেকে টুইটার ব্যবহার করা শুরু করেন এবং জাপানি ভাষায় নিজস্ব একটি ব্লগসাইটের উদ্বোধন করেন। টুইটারে দেওয়া তাঁর প্রথম বার্তায় হাতোইয়ামা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে প্রতিদিন একটি করে বার্তা লেখা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক টুইটার গত বছরের এপ্রিল মাসে জাপানি ভাষায় সেবা চালু করে। ‘হাতো ক্যাফে’ নামের নিজস্ব ব্লগে হাতোইয়ামা লিখেছেন, ‘জনগণ ও রাজনীতির মধ্যে দূরত্ব ঘোচানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি এই ব্লগ খুলেছি।’ হাতোইয়ামা তাঁর ব্লগে নিজ অফিস কক্ষের ছাদের একটি ছবি আপলোড করেছেন। নিজের মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ছাদের ছবি তুলেছেন বলে হাতোইয়ামা জানান। টুইটারে হাতোইয়ামার ঠিকানা http://twitter.com/hatoyamayukio। তাঁর ব্লগসাইটের ঠিকানা http://hatocafe.kantei.go.jp/। গত মাসে চালানো এক জরিপে দেখা গেছে, হাতোইয়ামার প্রতি জনসমর্থন এখন ৫০ শতাংশেরও কম। —পিটিআই অবলম্বনে মাহমুদুর রহমান