টুইটারে দুই হাজার কোটিতম বার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে দুই হাজার কোটিতম বার্তা বা টুইট পাঠানো হয়েছে। গত শনিবার গ্রিনিচ মান সময় তিনটা ৪৪ মিনিটে এই টুইট প্রকাশ করা হয়। জাপানের রাজধানী টোকিওর একজন গ্রাফিক ডিজাইনার একটি বিজ্ঞাপনী সংস্থার উদ্দেশ্যে টুইটটি পাঠান। দুই হাজার কোটিতম টুইটটি পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভেসে গেছেন ওই ডিজাইনার। চালু হওয়ার চার বছরের মাথায় চলতি বছরের মার্চ মাসে টুইটারে এক হাজার কোটিতম টুইটটি পোস্ট করা হয়। এর মাত্র পাঁচ মাসের মাথায় দুই হাজার কোটিতম টুইটটি পাঠানো হলো। টোকিওর ওই গ্রাফিক ডিজাইনার বলেন, টুইটটি পাঠানোর পর বিশ্বের বিভন্ন প্রান্ত থেকে হাজার হাজার গ্রাহক তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠায়। তিনি আরও বলেন, এই আনন্দ লটারি জেতার আনন্দের চেয়ে বেশি। সানফ্রানসিসকোভিত্তিক টুইটার জানায়, জাপানিরা দিনে প্রায় ৮০ লাখ টুইট পাঠায়। এটা বিশ্বের মোট পাঠানো টুইটের ১২ শতাংশ। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান উইলিয়ামস (৩৮) গত মাসের গোড়ার দিকে টোকিও সফর করেন। সে সময় তিনি জাপানিদের টুইটারপ্রীতির বিষয়টি লক্ষ করেন। চলতি বছরেই যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে টুইটারের প্রথম ডেটা সেন্টারের উদ্বোধন করা হবে। টুইটার আশা করছে, এই ডেটা সেন্টার টুইটারকে ওভারলোড হওয়ার হাত থেকে রক্ষা করবে, যেমনটি ঘটেছিল গত মাসে দক্ষিণ আফ্রিকায় শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের সময়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান