টুইটারে পেজ ভেরিফায়েড করার সুযোগ

টুইটারে অ্যাকাউন্ট ভেরিফায়েড করার সুযোগ দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করার জন্য একটি অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করার ঘোষণা দেয়। টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হলে একটি নীল রঙের ব্যাজ আইকন দেখায় এবং অ্যাকাউন্টটি যে ভুয়া নয়, তা প্রমাণ করে।
টুইটারের সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট টিনা ভাটনাগর বলেন, টুইটারে নির্মাতা ও প্রভাব বিস্তারকারী ব্যবহারকারীদের যাতে সহজেই মানুষ খুঁজে পায়, সে লক্ষ্যে ভেরিফিকেশন প্রক্রিয়াটি চালু করা হয়েছে। এতে মানুষ অনুসরণ করার জন্য অধিকসংখ্যক উচ্চমানসম্মত অ্যাকাউন্ট খুঁজে পাবেন এবং অ্যাকাউন্টধারীরা আরও বেশি ফলোয়ার পাবেন।
২০০৯ সালে টুইটার এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি চালু করলেও তা এত দিন কেবল সংগীত, টিভি, ফিল্ম, ফ্যাশন, সরকারি, রাজনীতি খেলা প্রভৃতি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন পর্যন্ত টুইটারে ১ লাখ ৮৭ হাজার ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে।
টুইটারের পেজ ভেরিফায়েড করার বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে https://support.twitter.com/articles/20174631
তথ্যসূত্র: এএফপি।