টুইটারে প্রতিদিন ২৫ হাজার কোটি টুইট!
বিশ্বের জনপ্রিয় খুদেব্লগ (মাইক্রোব্লগিং) সাইট টুইটারে প্রতিদিন প্রায় ২৫ হাজার কোটি টুইট বার্তা প্রকাশিত হয়! টুইট বার্তার এমন হার চলতি বছরের শুরুতে ছিল ১০ কোটি, যা জুনে হয়েছিল ২৫ কোটি! এ ছাড়া বিশ্বে বর্তমানে টুইটারের নিয়মিত ব্যবহারকারী প্রায় ১০ কোটি, যার মধ্যে প্রতিদিন শতকরা ৫০ শতাংশ ব্যবহারকারী টুইট করেন। চলতি বছরের শুরুতে এ হার ছিল শতকরা ৩০ শতাংশ। সম্প্রতি অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস৫ চালুর পর টুইটের হার বেড়েছে অনেকগুণ। নতুনভাবে আইওএস৫-এ যুক্ত হয়েছে সরাসরি টুইটারে টুইট করার বিশেষ প্রোগ্রাম (অ্যাপস)। সম্প্রতি সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ সম্মেলনে টুইটারের প্রধান নির্বাহী ডিক কস্টোলো সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা সাধারণ ব্যবহারকারীদের এমন একটি যোগাযোগ মাধ্যম হতে চাই, যা এ জগতের সবাইকে খুব সহজে কাছাকাছি থাকতে সাহায্য করবে। মাত্র ১৪০ শব্দের বার্তার লেখার সুবিধা দিয়ে ২০০৬ সালের ২১ মার্চ চালু হওয়া সাইটটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। টুইটারে পাঠানো বার্তার মধ্যে জাপানিদের প্রাধান্য সবচেয়ে বেশি। এক গবেষণায় দেখা গেছে, জাপানিরা দিনে প্রায় ৮০ লাখ টুইটার বার্তা বিনিময় করে! যা টুইটারে পাঠানো বিশ্বের মোট টুইট বার্তার শতকরা ১২ শতাংশ। নানা ভাষায় বর্তমানে টুইটার বেশ সমৃদ্ধ। সব মিলিয়ে টুইটার বর্তমানে সাতটি ভাষায় রয়েছে। বিশ্বের জনপ্রিয় তারকা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বখ্যাত অনেকেই নিয়মিত টুইটার ব্যবহার করে থাকেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কম শব্দে সহজে ব্যবহার এবং মোবাইলের খুদেবার্তার মাধ্যমে টুইট করা যায় বলে অনেক ব্যবহারকারীই টুইটার ব্যবহারে বেশ আগ্রহী। —সিনেট ও ম্যাশঅ্যাবল অবলম্বনে কাজী আশফাক আলম