টুইটারে ফটো শেয়ার সুবিধা
ছবি শেয়ারের উপযোগী প্ল্যাটফর্ম ‘ফটো কালার ফিল্টার’ নামে একটি নতুন সেবা যোগ করেছে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার। এ ফিচারটির মাধ্যমে ইনস্টাগ্রামের মতো ছবি আপলোড করা যাবে টুইটারে। ফেসবুকের ফটো শেয়ারিং সুবিধা ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ফটো কালার ফিল্টার চালু করেছে টুইটার। গতকাল সোমবার এ সেবাটি চালুর ঘোষণা দিয়েছে টুইটার। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, টুইটার কর্তৃপক্ষ ছবি শেয়ার করার ক্ষেত্রে নতুন এ সেবাটি চালু করায় সামাজিক যোগাযোগের ক্ষেত্রে শীর্ষ দুটি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামের পক্ষ থেকে টুইটার বার্তার সঙ্গে ইনস্টাগ্রামের ছবি পোস্ট করার সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছিল। এ সুবিধা বন্ধ করার ঘোষণার পরপরই নিজস্ব ফটো শেয়ারিং সুবিধা চালুর ঘোষণা এল টুইটারের কাছ থেকে।টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, টুইটারের নতুন এ ফিচারটি তৈরি করেছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভিয়ারি। প্রতিষ্ঠানটি ছবি এডিটিং সফটওয়্যার তৈরির জন্য বিখ্যাত।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি শেয়ার করার বিষয়টি বেড়েছে। এ গুরুত্ব বুঝেই ফেসবুকের মত টুইটারও ফটো শেয়ার করার সুবিধা চালু করেছে।