টুইটারে বাড়ছে নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) সাইট টুইটারে বাড়ছে নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে বড় ধরনের আক্রমণের শিকার হওয়ার পর নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্বসহ দেখা শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ। আর নিরাপত্তার অংশ হিসেবে টুইটারে দ্বিতীয় স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। টু-স্টেপ লগ-ইন নামের এ পদ্ধতি যখন ব্যবহার করে ব্যবহারকারী টুইটারে লগ-ইন করতে চাইবে, সে ব্যক্তি সঠিক কি না, সেটি ঠিক করবে। নিজের ইউজার নাম আর পাসওয়ার্ড দিয়ে লগ-ইনের সময় এটি করা হবে। সাম্প্রতিক সময়ে ফিন্যান্সিয়াল টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদ সংস্থার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এপির টুইটার হ্যাক করে প্রচার করা হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আহত! যদিও বিষয়টি মিথ্যা।

নিরাপত্তার এমন বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নিয়েই টুইটারের নতুন টু-স্টেপ লগ-ইন ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন টুইটারের পণ্য নিরাপত্তা বিভাগের প্রধান জিম ও’ল্যারি। তিনি জানান, ‘আমাদের নতুন এ পদ্ধতির পাশাপাশি অবশ্যই ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষায় সচেষ্ট থাকতে হবে। এ ক্ষেত্রে শক্ত পাসওয়ার্ড ব্যবহার জরুরি।’ টু-স্টেপ পদ্ধতির ব্যাপারটি অনেকটাই বিনা মূল্যে ই-মেইলসেবা জিমেইলের টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতির মতোই। এতে ব্যবহারকারীর ই-মেইলের পাশাপাশি নিজের মোবাইল নম্বর নিবন্ধিত করতে হবে। এতে করে ইউজার নাম ও পাসওয়ার্ড দেওয়ার পর মোবাইলে একটি কোড আসবে। সে কোড দিয়ে ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

—বিবিসি অবলম্বনে কাজী আলম