টুইটারে বিনিয়োগ করতে পারে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার ও স্মার্টফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে বড় ধরনের বিনিয়োগ করতে পারে বলে আভাস পাওয়া গেছে। দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, অ্যাপল কর্তৃপক্ষ টুইটারে কয়েক কোটি ডলার বিনিয়োগ করার কথা চিন্তাভাবনা করছে। এই বিনিয়োগের ফলে টুইটারের মূল্য ৮৪০ কোটি ডলার থেকে এক হাজার কোটিরও বেশিতে গিয়ে দাঁড়াবে। দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, তবে এ ব্যাপারে দুই কোম্পানির নির্বাহীদের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে কোনো চুক্তি হবে—এমন কোনো নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি। অ্যাপল ইতিমধ্যে টুইটারের বৈশিষ্ট্যগুলো তার সফটওয়্যারে সংযোজন করেছে। এসব সফটওয়্যার অ্যাপলের তৈরি ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে সংযোজন করা হয়েছে। সংক্ষিপ্ত বার্তা লেখার মাধ্যমে যোগাযোগের ওয়েবসাইট টুইটারের দাবি বর্তমানে সারা বিশ্বের ১৪ কোটি মানুষ সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করছে। তবে তাদের সিংহভাগই যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সম্প্রতি পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনে একজন টুইটার ব্যবহার করে এবং তাদের আট শতাংশ প্রতিদিন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান