টুইটারে বিনিয়োগ করবে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগকারী হিসেবে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যোগ দিতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে অ্যাপল।টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টোলো জানিয়েছেন, কয়েক মাস ধরে টুইটার ও অ্যাপল চুক্তি নিয়ে কথা চালিয়ে আসছে। বর্তমানে চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে প্রতিষ্ঠান দুটি। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল বিভিন্ন পণ্য বাজারে আনলেও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ কোনো পণ্য নেই। অথচ বর্তমান সময়টাকে বলা হচ্ছে সামাজিক যোগাযোগের স্বর্ণযুগ। বর্তমানে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক, টুইটার ও গুগল প্লাসকে বেছে নিয়েছে অধিকাংশ মানুষ। মাইক্রোসফটও সামাজিক যোগাযোগের মাধ্যম তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিনিয়োগে উত্সাহী হওয়ায় ক্ষেত্রটি আরও প্রসারিত হবে। উল্লেখ্য, ২০১১ সালে টুইটারের বাজার দর ছিল ৮৪০ কোটি ডলার। অ্যাপল এবারে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।অ্যাপলের আগ্রহে খুশি হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কস্টোলো। উচ্ছ্বসিত কস্টোলো জানিয়েছেন, ‘অ্যাপল খুব ভালো একজন অংশীদার হতে পারে। পছন্দের প্রতিষ্ঠান বা কোম্পানি হিসেবে যে ধরনের কোম্পানি আমরা খুঁজছিলাম ঠিক সেরকমই ঘটতে যাচ্ছে।’প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের প্রচুর অর্থ রয়েছে। নতুন করে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তাই সামাজিক যোগাযোগকেই বেছে নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তারা আরো জানান, মাইক্রোসফটের সঙ্গে ফেসবুক, গুগলের গুগল প্লাস আর অ্যাপলের টুইটার হলে জুটি মন্দ হয় না।