টুইটারে বিশ্ব রেকর্ড

বারাক ওবামাকে হারিয়ে দিলেন এলেন ডিজেনারেস! গতকাল অস্কার চলার সময়ই হুট করে মঞ্চ থেকে লাফিয়ে দর্শকসারিতে চলে যান এই উপস্থাপিকা। এ সময় একটা সেলফি (নিজের মোবাইল থেকে নিজের ছবি তোলা) তোলেন ডিজেনারেস। ছবি তোলার সময় আশপাশ থেকে মুহূর্তেই ভিড় জমিয়ে দেন মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, জেনিফার লরেন্স, কেভিন স্পেসি, লুপিটা এনইয়োনগো, জারেড লেটো, অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিটরা। ছবিটি তোলার দায়িত্ব নেন ব্র্যাডলি কুপার।
সেই ছবি টুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গেই যেন ঝড় ওঠে। ভার্চুয়াল ঝড়। পাঁচ মিনিটের মধ্যেই সেই টুইটে এক লাখের বেশি রিটুইট হয়। মিলিয়নের ঘরে পৌঁছাতে সময় নেয় মাত্র ৪৫ মিনিট। একসময় বিশ্ব রেকর্ডই ভেঙে দেয়। দুই ঘণ্টার মধ্যে ছবিটিতে রিটুইট হয়েছে ২৪ লাখ বারেরও বেশি। এটিই টুইটারে সবচেয়ে বেশিবার রিটুইট হওয়ার বিশ্ব রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ওবামা ও মিশেলের ছবিসহ একটি টুইট ৮ লাখ বার রিটুইট হয়েছিল। বিপুল ব্যবধানেই ওবামাকে হারিয়ে দিলেন ডিজেনারেস।
এই সুসংবাদটি মঞ্চেই ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের এই উপস্থাপিকা, ‘আমরা টুইটার গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলেছি! আমরা ইতিহাস গড়েছি!’
স্মার্টফোনের যুগে এ ধরনের ছবি তোলা এবং অনলাইনে প্রকাশের প্রবণতা বেড়েছে। এএফপি ও বিবিসি।