টুইটারে সাংবাদিকেরাই সক্রিয় বেশি

পেশাদার ব্যক্তিদের মধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সবচেয়ে সক্রিয় থাকেন সাংবাদিকেরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাংবাদিকদের ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কম। গড়ে সাংবাদিকদের ফলোয়ারসংখ্যা এক লাখ ৪০ হাজার। এদিক থেকে শিল্পীরা অনেক এগিয়ে। তাঁদের গড় ফলোয়ারসংখ্যা ১২ লাখের কাছাকাছি। খবর আইএএনএসের।
সম্প্রতি টুইটারে ১৫ হাজার ভেরিফাই টুইটার অ্যাকাউন্ট নিয়ে গবেষণা করে যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ট্রিগারট্র্যাপ।
ট্রিগারট্র্যাপ জানিয়েছে, টুইটারে সংবাদপত্র ও সাংবাদিকের তাঁদের কনটেন্ট নিয়ে ঘন ঘন টুইট করেন। ভেরিফাইড সাংবাদিকদের বেশি ফলো করা হয়।
সম্প্রতি টুইটারের নবম জন্মদিন পালন উপলক্ষে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বলেন, ‘আজকের টুইটার গড়ে তুলতে বিশ্বের অনেকেই সাহায্য করেছে। কিন্তু একটি বিশেষ গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই গ্রুপটি হচ্ছে সাংবাদিক। প্রযুক্তিপ্রেমীদের পরপরই সাংবাদিকেরা টুইটার ব্যবহার শুরু করেন। এটি সংবাদের উৎস হিসেবে, ব্রেকিং নিউজের উত্স হিসেবে এবং কাজের লিংক শেয়ারে ব্যবহার করেন তাঁরা।’