টুইটারে ‘ইমেইল ডাইজেস্ট’
মাইক্রোব্লগিং বা খুদেবার্তার ওয়েবসাইট টুইটারে ‘ইমেইল ডাইজেস্ট’ নামে নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে। যাঁরা টুইটারের অসংখ্য ‘টুইটের মধ্য থেকে নির্বাচিত টুইট বাছাই করে পড়তে চান, তাঁদের জন্য মূলত এই ফিচার। এতে সপ্তাহের সেরা টুইটগুলো নির্বাচন করে ব্যবহারকারীদের মেইল করবে ওয়েবসাইট কর্তৃপক্ষ। এই ফিচারটির নামকরণ হয়েছে ‘ইমেইল ডাইজেস্ট’।হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৪ মে সোমবার এক ব্লগপোস্টে টুইটারের গ্রোথ অ্যান্ড ইন্টারন্যাশনাল পরিচালক ওথম্যান লারাকি নতুন ফিচারটির কথা জানান। টুইটার ব্যবহারকারীর নেটওয়ার্কে সবচেয়ে আলোচিত টুইটগুলোর ভিত্তিতে নির্বাচন করা হবে সেরা টুইট। ইমেইলের ইনবক্স থেকেই ব্যবহারকারী তাঁর পছন্দের টুইটের লিংকে ক্লিক করে তা পড়তে পারবেন। এমনকি সেই টুইটের জবাবও দিতে পারবেন।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এই পদ্ধতি অনেকটাই ইমেইল মার্কেটিংয়ের মতো। ইমেইল ডাইজেস্ট ফিচারটি চালু করতে টুইটারের অধীনে থাকা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘সামিফাই’কে কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটি।জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটার ব্যবহারকারীরা তাঁদের মেইলে ‘ইমেইল ডাইজেস্ট’ দেখতে পারবেন। টুইটারের ইমেইল প্রিফারেন্স সেটিংসে গিয়ে এই ফিচারটি ব্যবহার করা বা না করার বিষয়টি ঠিক করে নেওয়া যাবে।