টুইটারে ‘কিউরিওসিটি'
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে কৌতূহল বাড়িয়েছে কিউরিওসিটি। @MarsCuriosity এই অ্যাকাউন্ট থেকে কিউরিওসিটির প্রতিটি ঘটনা টুইট করে জানানো হয়েছে। ৬ আগস্ট এ অ্যাকাউন্টে ইউটিউবের একটি ভিডিও লিংক পোস্ট করা হয় যেখানে কিউরিওসিটির শেষ আড়াই মিনিটের তোলা ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করা হয়েছে। এ ছাড়াও কিউরিওসিটির টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন টেক্সট, ছবি ও ভিডিও টুইট করা হচ্ছে। তবে এসব পোস্ট সরাসরি মঙ্গল থেকে কিউরিওসিটি নিজে করছে না। নাসার তিনজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিউরিওসিটির সব হালনাগাদ তথ্য টুইটারে জানিয়ে দিচ্ছেন কৌতূহলী সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের। টুইটারে কিউরিওসিটির অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে-‘ আমি সফলভাবে মঙ্গলে নেমেছি। এখন গেইল কার্টারের ভেতরে।’চাঁদে প্রথম পা রাখার পর নীল আর্মস্ট্রং যে বাক্যটি বলেছিলেন, সে বাক্যটিকেই একটু ঘুরিয়ে আরেক টুইটে কিউরিওসিটি জানিয়েছে- ‘অতীতে একসময় এটা ছোটো একটা পদক্ষেপ ছিল, এখন ছয় পায়ের পদক্ষেপ।’কিউরিওসিটির টুইটার অ্যাকাউন্টে বর্তমানে ১ হাজার একশোটিরও বেশি টুইট করা হয়েছে। ৮ লাখ ৩০ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী কিউরিওসিটিকে টুইটারে ফলো করছেন।