টুইটারের বাজিমাত
মোবাইল ফোনে বিজ্ঞাপন প্রদর্শন বেড়ে যাওয়ায় টুইটার কর্তৃপক্ষ বেশ খুশি। বাজার গবেষকেরা ধারণা করছেন, ২০১৪ সালে শুধু মোবাইল ফোনে বিজ্ঞাপন প্রদর্শন করেই ১০০ কোটি মার্কিন ডলার আয় করবে টুইটার। ২৭ মার্চ বুধবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার এ তথ্য জানিয়েছে।অনলাইনভিত্তিক ওয়েবসাইটগুলোর মোবাইল সংস্করণে বিজ্ঞাপন থেকে আয় বাড়ছে। এক্ষেত্রে মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার বাজিমাত করছে। ২০১৩ সালে টুইটার কর্তৃপক্ষ তাঁদের মোট আয়ের ৫০ শতাংশ পাবে মোবাইল বিজ্ঞাপন প্রদর্শন থেকে। ২০১৫ সাল নাগাদ টুইটারের মোট আয়ের সিংহভাগ আসবে মোবাইল বিজ্ঞাপন থেকে। এক খবরে জানিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস।টুইটারে মাত্র ১৪০ অক্ষরে মনের ভাব প্রকাশ করার সুযোগ পান ব্যবহারকারীরা। বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে পরিচিত টুইটারে ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ২০১২ সালে মোবাইলের টুইটার সংস্করণের জন্য বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছিল টুইটার কর্তৃপক্ষ।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের ব্যবহার দ্রুত বেড়ে যাওয়ায় এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে আয়ও বাড়ছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো মোবাইল বিজ্ঞাপনে এগিয়ে রয়েছে।