টুইটারের মাধ্যমে জরুরি অবস্থার সংকেত!
যুক্তরাজ্যের লন্ডন ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো জরুরি পরিস্থিতিতে লোকজন ৯৯৯ নম্বরে ফোন করার পরিবর্তে টুইটারে যাতে টুইট করতে পারে, এমন একটি ব্যবস্থা চালু করার কথা ভাবছে। লন্ডন ফায়ার ব্রিগেড এমনিতে কোনো জরুরি তথ্য বিশেষ করে কোথাও কোনো আগুন লাগার খবর জানাতে টুইটার ব্যবহারকে নিরুৎসাহিত করে থাকে। এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে, তারা টুইটার ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে না। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, স্মার্টফোনের ব্যবহার বাড়ার ফলে এখন পরিস্থিতি অন্য রকম। কাজেই জরুরি তথ্য যাতে টুইটারেই পাওয়া যায়, সে রকম একটি ব্যবস্থা চালু করার কথা ভাবছে তারা। লন্ডন ফায়ার ব্রিগেডের উপকমিশনার রিটা ডেক্সটার বলেন, ‘বর্তমানে ১০০ কোটিরও বেশি মানুষ ফেসবুক এবং প্রায় ৫০ কোটি মানুষ টুইটার ব্যবহার করছে। কাজেই সামাজিক যোগাযোগের এসব ওয়েবসাইটকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই।’ তিনি বলেন, ‘লন্ডন ফায়ার ব্রিগেড এখন যুক্তরাজ্যের সবচেয়ে বড় দমকলবাহিনী এবং আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই এখন জনগণের সঙ্গে যোগাযোগটা আরও কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে এখন থেকেই চিন্তাভাবনা করা উচিত। জনগণের সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যমগুলো আমাদের বেছে নেওয়া উচিত।’ যুক্তরাজ্যের বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ের যেকোনো ঘটনা জানতে এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ব্যবহার করছে। গত জানুয়ারি মাসে পশ্চিম লন্ডনে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলকর্মীরা সবচেয়ে বেশি তথ্য পেয়েছিলেন ফেসবুক ও টুইটার থেকে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান