টুইটারের সম্ভাব্য ক্রেতারা বিমুখ

এক সময় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার কিনতে আগ্রহ দেখিয়েছিল বড় বড় প্রতিষ্ঠান। এ তালিকায় ফেসবুক, অ্যাপল, গুগল, ইয়াহু, মিডিয়া মোগল রুপার্ট মারডক, ডিজনি, ২১ ফার্স্ট সেঞ্চুরি ফক্স বা নিউজ করপোরেশনের মতো প্রতিষ্ঠানের নামও ছিল। কিন্তু একে একে সব ক্রেতাই টুইটার বিমুখ।
টুইটারের আগ্রহী ক্রেতার তালিকায় সম্ভাব্য একটি নাম ছিল ক্লাউড কম্পিউটিং কোম্পানি সেলসফোর্স। সম্প্রতি ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ধুঁকতে থাকা টুইটারকে কেনার দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে তারা।
ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি না পাওয়া ও প্রবৃদ্ধি না বাড়ায় টুইটারের সম্ভাব্য ক্রেতারা বিমুখ হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সেলসফোর্সের প্রধান নির্বাহী মার্ক বেনিয়ফ ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, তারা টুইটার কেনার দৌড় থেকে সরে যাচ্ছেন। এ সপ্তাহে গুগল ও ওয়াল্টডিজনি টুইটার কিনবে না এমন খবর প্রকাশ হওয়ার পর টুইটারের শেয়ারমূল্য কমতে দেখা গেছে। ২৭ অক্টোবর টুইটার প্রান্তিক আয় ঘোষণা করবে।
টুইটার কিনতে খরচ হবে ২০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে টুইটার ব্যবহারকারী সংখ্যা ৩১ কোটি ৩০ লাখ।