ছবি নাকি টিভি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের নতুন টিভিগুলো দেখতে অনেকটা ফ্রেমে বাঁধানো ছবির মতো।  ছবি: স্যামসাং
স্যামসাংয়ের নতুন টিভিগুলো দেখতে অনেকটা ফ্রেমে বাঁধানো ছবির মতো। ছবি: স্যামসাং

বন্ধুর বাড়ির দেয়ালে ফ্রেমে বাঁধানো ছবি দেখে মুখ দিয়ে বেরিয়ে এল, বাহ্! চাইলে সেই বন্ধু কিন্তু আপনাকে বোকাও বানাতে পারে। সেই সুযোগ করে দিচ্ছে স্যামসাং। নতুন প্রযুক্তির বেশ কিছু স্মার্ট টিভি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। এই টিভিগুলো ঘরের সাজসজ্জা, বিশেষ করে দেয়ালের সঙ্গে এমনভাবে মানিয়ে নেয় যে টিভি আর ফ্রেমে বাঁধানো স্থিরচিত্রের পার্থক্য ধরা বেশ কঠিন হয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস বুধবার এই কিউএলইডি (কোয়ান্টাম ডট এলইডি) প্রযুক্তির টিভিগুলো বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। স্যামসাং বলছে, টিভিগুলোতে ‘অ্যাম্বিয়েন্ট মোড’ নামের বিশেষ সুবিধা আছে। যার সাহায্যে এটি দেয়ালের ধরন এবং রঙের সঙ্গে মানিয়ে নিতে পারে।

যখন কোনো চলচ্চিত্র বা অনুষ্ঠান দেখা হচ্ছে না, তখন টিভিগুলো দেয়ালে টাঙানো ঘরের সাজসজ্জার উপাদান হিসেবেই কাজ করবে। সেভাবেই নকশা করা হয়েছে। সে জন্য স্যামসাংয়ের স্মার্টথিংকস অ্যাপের সাহায্যে প্রথমে দেয়ালের ছবি তুলতে হবে। এতে টেলিভিশনটি সম্পূর্ণ পরিবেশের ধরন ও রঙের সঙ্গে মিল রেখে পর্দার ধরন পরিবর্তন করবে। আলাদাভাবে ছবিও যোগ করা যাবে।

আর স্মার্ট টেলিভিশনটির ফ্রেম পছন্দমতো পরিবর্তন করা যাবে। ফ্রেম বদল করলেও টেলিভিশনের কোনো প্রতিবিম্ব দেয়ালে পড়বে না। আর তাতেই এটি দেখতে একটি স্থিরচিত্রের ফ্রেম বলেই মনে হয়। টিভিতে একটি কেব্ল ব্যবহার করা হয়েছে। আর তা দিয়েই বিদ্যুৎ-সংযোগসহ সব কাজ করা যাবে।

মারিফুল হাসান, সূত্র: সিএনএন