টেক-কাপ!
আরও ১৯ দিন৷ তার পরই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলের। খেলা মাঠে গড়ানোর আগেই গড়িয়ে গেছে প্রযুক্তি দুনিয়ায়৷ ওয়েবে নানা তথ্য, ফিফার অ্যাপ মুঠোফোনে, ইউটিউবে নানা ভিডিও, ফেসবুক পেজ, গেম—প্রযুক্তির কারণে এখনই বিশ্বকাপ যেন হাতের মুঠোয়৷ এবারের ব্রাজিল বিশ্বকাপেও আছে প্রযুক্তির চোখ ধাঁধানো ব্যবহার৷ এ সময়ের বিশ্বকাপ ফুটবল যেন হয়ে উঠেছে টেক–কাপ!
লিখেছেন মেহেদী হাসান

ইউটিউবে বিশ্বকাপ
অফিশিয়াল টেলিভিশন বিজ্ঞাপন

টেলিভিশনে সম্প্রচারের জন্য তৈরি চমৎকার এই অ্যানিমেটেড ভিডিওটিতে ব্রাজিলের ঐতিহ্য, সংস্কৃতি এবং ফুটবলের জন্য মানুষের ভালোবাসা উঠে এসেছে৷ প্রতিটি ম্যাচের শুরুতে, অর্ধসময়ের বিরতিতে, খেলা শেষে অ্যানিমেশন ভিডিওটি দেখানো হবে৷ তবে আগেভাগেই দেখতে পারেন youtu.be/JP67IM1LX-M ঠিকানাটিতে৷

বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার
ফুটবল বিশ্বকাপ মানেই চমকে ভরপুর। কিছু প্রযুক্তি এখনই প্রস্তুত৷ আরও কিছু প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা চলছে এখনো; সম্ভব হলে বিশ্বকাপের শুরু কিংবা চলাকালীন সেগুলোর ব্যবহারও আমরা দেখতে পাব৷
ম্যাচ ধারণে ফোর কে
চার হাজার পিক্সেল প্রস্থের ভিডিও ধারণ ও সম্প্রচারের নাম ফোর কে প্রযুক্তি৷ এই আলট্রা হাই-ডেফিনিশন প্রযুক্তিতে ছবি একদম নিখুঁত দেখা গেলেও এখনই মানুষের ঘরে ঘরে তা পৌঁছাবে না৷ কারণ, এই প্রযুক্তির টেলিভিশন বা মনিটরের ঊর্ধ্বমূল্য এবং ভিডিও ধারণ ও সম্প্রচারের অপ্রতুলতা৷ এবারের বিশ্বকাপে ফিফা সনির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফোর কে প্রযুক্তির সম্প্রসারণে কাজ করে যাবে৷ এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সাধারণ ভিডিও ফরম্যাটের সঙ্গে পার্থক্য দেখানোর জন্য বিশ্বকাপের ফাইনাল, একটি কোয়ার্টার ফাইনাল এবং শেষ ষোলোর রাউন্ডের একটি ম্যাচ এই সর্বাধুনিক প্রযুক্তিতে ধারণ করবে সনি৷ পরবর্তীকালে তিনটি ম্যাচের ভিডিও এক করে ‘অফিশিয়াল ২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ ফিল্ম’ তৈরি করা হবে৷

অনলাইনে বিশ্বকাপ
ফিফার ওয়েবসাইট
ফুটবল বিশ্বকাপসংক্রান্ত যেকোনো তথ্য জানা যাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ওয়েবসাইটে৷ বিশ্বকাপের টিকিট, খবরাখবর, লাইভ স্কোর, দলগুলোর র৵াঙ্কিং, খেলার নিয়মসহ সবকিছু পাবেন এখানে৷ ওয়েবসাইটটির ঠিকানা www.fifa.com৷ সেই সঙ্গে ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ (www.fb.com/fifa) এবং টুইটার (twitter.com/FIFAcom) পাতাতে পাবেন সর্বশেষ তথ্য৷

দলের ভিডিও
চমৎকার উদ্যোগ৷ বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের পরিচিতি নিয়ে তৈরি করা হয়েছে আলাদা ভিডিও৷ সেরা খেলোয়াড়দের ও কোচের সাক্ষাৎকার, বিশ্বকাপে দলটির ইতিহাস ও অতীত কৃতিত্ব, একই গ্রুপের অন্যান্য দল এবং দলটির কাছ থেকে কী আশা করছে ফুটবল বিশ্ব, তাই স্থান পেয়েছে এই ভিডিওগুলোতে৷ ভিডিওগুলো পাবেন http://goo.gl/80g8qf ঠিকানায়৷ এ ছাড়া প্রায় প্রতিদিন ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চমকপ্রদ কিছু ভিডিও প্রচার করা হচ্ছে৷ এই ভিডিওগুলো পাবেন www.youtube.com/FIFATV ঠিকানায়৷
অফিশিয়াল অ্যাপ
ঘরে কিংবা বাইরে, অফিসে বা যানজটে আটকা পড়া অবস্থায় ফুটবল বিশ্বকাপের যেকোনো খবরাখবর পেঁৗছে যাবে আপনার হাতের মুঠোয়, আপনার স্মার্টফোনটিতে৷ ফিফার অফিশিয়াল অ্যাপটি এ ক্ষেত্রে আপনার প্রয়োজন অনেকাংশেই মেটাবে৷
অ্যান্ড্রয়েড: http://goo.gl/XXWAUv
আইফোন: http://goo.gl/qgHnnF
আইপ্যাড: http://goo.gl/RvDUZW
অফিশিয়াল ভিডিও গেম
মাঠের ‘গেমের’ উত্তাপ ছড়িয়েছে ভিডিও গেমের জগতেও৷ বিশ্বকাপ সামনে রেখে ভিডিও গেম নির্মাতাপ্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক আর্টস’ বাজারে ছাড়ে ‘২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল’৷ তবে ‘প্লেস্টেশন-৩’ ও ‘এক্সবক্স ৩৬০’—এই দুটি যন্ত্রেই শুধু গেমটি খেলা যাবে বলে ইতিমধ্যে বেশ সমালোচনার মুখে পড়েছে৷ অপর দিকে ২০১৪ বিশ্বকাপ কেন্দ্র করে ইলেকট্রনিক আর্টসের তৈরি আরেকটি গেম ‘ইএ স্পোর্টস ২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ’ বেশ সাড়া ফেলেছে এবং খেলা যাচ্ছে মোটামুটি সবকিছুতেই৷

গোললাইন প্রযুক্তি
গুগলে বিশ্বকাপ প্রযুক্তি লিখে তথ্য খুঁজলে সবচেয়ে বেশি তথ্য আসে গোললাইন প্রযুক্তি নিয়ে৷ এই প্রযুক্তিতে বল গোলবারের রেখা অতিক্রম করার এক সেকেন্ডের মধ্যে রেফারিকে তা স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিবে৷ ফলে বলটি নির্দিষ্ট রেখা অতিক্রম করল কি না, তা নিয়ে কোনো সংশয় থাকবে না৷ কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের সংশয় তৈরি হওয়ার ঘটনা খুবই বিরল৷
অনলাইন গেম
অফিশিয়াল গেমের পাশাপাশি বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে আরও অনেক অনলাইন গেম৷ ‘ক্যাস্ট্রল ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিক্টর চ্যালেঞ্জ’, ‘ম্যাকডোনাল্ডস ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসি’ এবং ‘পানিনি অনলাইন স্টিকার অ্যালবাম’—এই তিনটি গেম পাওয়া যাবে ফিফার ওয়েবসাইটে৷ এই গেমগুলো খেলার জন্য ফিফা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে আর মজার ব্যাপার হলো এসব গেমের বিজয়ীদের জন্য আছে নানা পুরস্কার! ঠিকানা: http://goo.gl/PL7T3p ৷ এ ছাড়া সিলভার গেমসের ওয়ার্ল্ড কাপ ২০১৪ খেলতে পারেন অনলাইনে। ঠিকানা: http://goo.gl/KTXKs9৷

ফেসবুক গেম
এমনকি ফেসবুকে বসে বন্ধুর সঙ্গে গল্প করতে করতেও খেলতে পারবেন ফুটবল৷ ফেসবুক অ্যাপ সেন্টারে ফুটবল নিয়ে অনেক গেম আছে৷ কোনটায় খেলতে হবে খেলোয়াড়ের ভূমিকায়, কোনটায় কোচের দায়িত্বে, গোলকিপার সেজে বল আটকাতেও হবে৷ কোনটি ভালো আর কোনটি খারাপ, তা তো আপনি খেলার পরেই জানতে পারবেন৷ তবে জনপ্রিয়তার মাপকাঠিতে ‘টপ ইলেভেন বি অ্যা ফুটবল ম্যানেজার’, ‘অনলাইন সকার ম্যানেজার’ কিংবা ‘ইএ স্পোর্টস ফিফা মোবাইল’ বেশ এগিয়ে আছে৷ ফেসবুকে এই গেমগুলো পাবেন http://goo.gl/pVR14b ঠিকানায়৷

বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’
গত বিশ্বকাপের বল ‘জাবুলানি’ নিয়ে সমালোচনার ঝড় ওঠায় ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করে আসা অ্যাডিডাস পড়েছিল তোপের মুখে৷ আর তাই প্রায় আড়াই বছর ধরে বিশ্বের সেরা ফুটবলারদের দিয়ে পরীক্ষা করিয়ে অ্যাডিডাস তৈরি করে এবারের বল ‘ব্রাজুকা’৷ পরস্পরের সঙ্গে জোড়া লাগানো ছয়টি পলিইউরিথেনের অংশ দিয়ে তৈরি হয়েছে ব্রাজুকা৷ ওজন, পানি শোষণের পরিমাণ, বলের গায়ে অসংখ্য খুদে গুটি বলটিকে করেছে অনন্য৷
এ ছাড়া অ্যাডিডাস এবারের বিশ্বকাপে অফিশিয়াল বুট হিসেবে আধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ব্যাটল প্যাক’ নামে চার জোড়া নতুন বুট ছাড়ছে বাজারে, সঙ্গে লিওনেল মেসির জন্য থাকছে আলাদা এক জোড়া৷

অফিশিয়াল মিউজিক ভিডিও
বিশ্বকাপ শুরু হবে তাও আবার অফিশিয়াল গান ছাড়া? ইতিমধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে ২০১৪ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘উই আর ওয়ান’৷ এবারের বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবাম ‘ওয়ান লাভ, ওয়ান রিদম’-এর জন্য গানটি গেয়েছেন মার্কিন র৵াপার পিটবুল, সঙ্গে আছেন জেনিফার লোপেজ ও ব্রাজিলীয় গায়িকা ক্লডিয়া লিট৷ সুরেলা এই গানটিতে ব্রাজিলের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ গানটি দেখতে ঘুরে আসুন এই youtu.be/TGtWWb9emYI ঠিকানা থেকে৷