টেলিটক নিয়ে এল তৃতীয় প্রজন্মের মডেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মডেম। দ্রুতগতির ‘ফ্ল্যাশ’ নামের এ থ্রিজি মডেমের মাধ্যমে কম্পিউটারে টেলিটক নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ মডেম বাজারে ছাড়েন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান। এ সময় তিনি বলেন, ‘বর্তমানে টেলিটকের মাধ্যমে দেশের মানুষ বিভিন্ন পরীক্ষার ফলাফল জানতে পারছে। এ ছাড়া বিভিন্ন বৈদ্যুতিক বিল, ভর্তি পরিক্ষার ফি দিতে পারছে। এ ব্যবস্থাকে আরও গতিশীল করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, টেলিটকের মহাব্যবস্থাপক (বিপণন ও বিক্রয়) মো. হাবিবুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে থ্রিজি মডেমের নানা বিষয় তুলে ধরা হয়। সিমসহ ফ্ল্যাশ মডেমটির দাম দুই হাজার ৫০০ টাকা। শুরুতে নতুন ব্যবহারকারীরা প্রিপেইড ফ্ল্যাশ প্যাকেজের ১০ গিগাবাইট এবং পোস্টপেইড প্যাকেজের সঙ্গে ১২ গিগাবাইট তথ্য বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। ওয়েব: www.teletalk.com.bd। —নিজস্ব প্রতিবেদক