টেলিনরের ‘টেক ট্রেন্ডস’ উন্মোচন করল গ্রামীণফোন
টেলিনর গ্রুপের সায়েন্টিফিক রিসার্চ ইউনিট ‘টেলিনর রিসার্চ’-এর প্রযুক্তি নিয়ে পূর্বাভাসের প্রতিবেদনের সপ্তম সংস্করণ উন্মোচন করেছে। এ প্রতিবেদনে কীভাবে প্রযুক্তি ও ডিজিটালাইজেশন গ্রিন ট্রান্সফরমেশনকে (সবুজ রূপান্তর) সক্ষম করে তুলতে পারে, এর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মনে করছে, আগামী দিনে এ বিষয়টিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত সোমবার রাজধানীর জিপি হাউসে এক অনুষ্ঠানে টেলিনরের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল প্রকাশ করে গ্রামীণফোন।
অনুষ্ঠানে মূল বক্তব্য ও বিশেষজ্ঞদের অভিমত প্রদানের সেশনে চলতি বছরের জন্য পাঁচটি প্রত্যাশিত প্রযুক্তি পূর্বাভাস উন্মোচন করা হয়। সেশনে টেলিনর রিসার্চের প্রধান বিওন তালে স্যান্ডবার্গ ভার্চ্যুয়াল মাধ্যমে মূল বক্তব্য দেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ; বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মদ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি অনুসারে আমরা দেশে আইটি প্রশিক্ষণকেন্দ্র এবং ল্যাব তৈরি করেছি। আমরা তরুণদের জন্য, বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (সংক্ষেপে ‘শিফট’) নির্মাণ করছি।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘টেক ট্রেন্ডস এর পাঁচটি পূর্বাভাসে অনেকগুলো ধারণা খুব সুন্দরভাবে উঠে এসেছে। সার্ভার ও অ্যাপ্লিকেশনভিত্তিক কোনো কিছু ডিজাইন করার সময় সবুজায়নের বিষয়টিতে গুরুত্বারোপ করতে হবে; একই সঙ্গে ব্যবহারকারীরা তাঁদের প্রাত্যহিক জীবনে কীভাবে এগুলোর প্রয়োগ ঘটাতে পারেন, তা নিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করতে হবে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়গুলোকে মূল ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেন শিক্ষার্থীরা তাঁদের ক্যারিয়ারে এ ধারণাগুলোকে কাজে লাগাতে পারেন। ‘গ্রিনফ্লুয়েন্সার’ ধারণাটি আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। আমাদের দেশে এ ধারণাটি শিগগিরই জনপ্রিয় করতে সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এভাবেই একসঙ্গে সবাই কাজ করার মাধ্যমে আমরা শক্তি সাশ্রয়ীর বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিয়ে টেকসই পৃথিবী গড়তে পারব।’
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে ই-বর্জ্য পরিবেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা ই-বর্জ্যের ঝুঁকি সম্পর্কে এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা সঠিকভাবে জানি না। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ভোক্তাদের আকর্ষণ করতে নতুন ডিজাইন বাজারে আনার চেয়ে পরিবেশের জন্য কিছু করতে চাইলে পণ্যের স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলো বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা এ পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি।’
বিয়ন টালে স্যান্ডবার্গ বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয় নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করে সর্বত্রই মানুষ এখন সচেতন হচ্ছে। প্রযুক্তি কীভাবে সমস্যার অংশ না হয়ে পরিবর্তনে সহায়তা করতে পারে, টেলিনরে তা অনুধাবন করাটাই আমাদের জন্য জরুরি।’
ইয়াসির আজমান বলেন, ‘ক্রমাগত জলবায়ুগত পরিবর্তনের কারণে বাংলাদেশ ধারাবাহিকভাবে চরম জলবায়ুজনিত বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে, যা আমাদের টেকসই অর্থনীতির লক্ষ্যকে বাধাগ্রস্ত করছে। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছি এবং এখন আমাদের লক্ষ্য হচ্ছে জলবায়ুবান্ধব কৌশল গ্রহণ করা, যা সবুজে রূপান্তরের মাধ্যমে আমাদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখবে।’ বিজ্ঞপ্তি