টেলিনরের নির্বাহীর বক্তব্যে শুরু মোবাইল কংগ্রেস

টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাসের বক্তব্য দিয়ে শুরু হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। স্পেনের বার্সেলোনায় আজ সোমবার থেকে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। মোবাইল নিয়ে সবচেয়ে বড় সম্মেলন হিসেবে ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী বক্তব্যে বাকসাস জানালেন, মোবাইল ফোন মানুষের জীবন বদলে দিয়েছে। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। শিগগিরই দ্রুতগতির মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে বিশ্বের অনেক মানুষ। ২০২০ সাল নাগাদ ২৫ কোটি মানুষ ফোরজি বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের আওতায় চলে আসবে।
বাকসাস ছাড়াও অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সিংটেল, আমেরিকা মোবাইল, ইতিসালাত টেলিকমের প্রধান নির্বাহীরা।
বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে ৯৪ হাজার বর্গমিটার এলাকায় বিশ্বের ২২০টি দেশের প্রায় এক হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
আজ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের বিশেষ আকর্ষণ হচ্ছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কী নোট। জাকারবার্গ তাঁর কী নোটে মোবাইল ফোন প্রযুক্তির ব্যবহার ও ভবিষ্যত্ সম্ভাবনা নিয়ে বলবেন।