টেলিভিশনকেও ছাড়িয়ে যাবে অনলাইন বিজ্ঞাপন
বর্তমানে ইউরোপ-আমেরিকায় টেলিভিশন বিজ্ঞাপনের বাজারটা বেশ রমরমা। তবে আগামী পাঁচ বছরের মধ্যে অনলাইন বিজ্ঞাপন টেলিভিশন বিজ্ঞাপনের বাজারকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ফোর্বস সাময়িকী।বিজ্ঞাপনের বাজার বিশ্লেষক সংস্থা ফরেস্টারের বরাত দিয়ে ফোর্বস সাময়িকী জানিয়েছে, ২০১৬ সাল নাগাদ অনলাইন বিজ্ঞাপন ব্যয় দাঁড়াবে সাত হাজার ৭০০ কোটি ডলার।বর্তমানে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি অনলাইন বিজ্ঞাপন দেখা যায়। ফরেস্টার জানিয়েছে, পাঁচ বছরের মধ্যে মোবাইল ফোনে দেওয়া বিজ্ঞাপনের হার সামাজিক যোগাযোগের সাইটগুলোতে দেওয়া বিজ্ঞাপনকেও ছাড়িয়ে যাবে। ওই সময় মোবাইল ফোনে দেওয়া বিজ্ঞাপনের মোট মূল্য দাঁড়াবে ৮২০ কোটি ডলার। মানুষের হাতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, আইফোন ও বিভিন্ন ট্যাবলেট পিসি চলে আসায় বর্তমানে এই হার বাড়ছে প্রতিনিয়ত।বর্তমান বিশ্বে অনলাইন বিজ্ঞাপনের একটি বড় অংশজুড়েই রয়েছে সার্চ অ্যাড। যা মোট অনলাইন বিজ্ঞাপনের ৫৫ শতাংশ। তবে ২০১৬ সালে এই হার ৪৪ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে ফরেস্টার।