টেলিভিশনের শব্দ নিয়ন্ত্রণে আইটিইউয়ের উদ্যোগ
কেব্ল-সংস্কৃতির এই যুগে টেলিভিশন দেখতে বসে এক চ্যানেলে বসে থাকেন এমন মানুষ খুব কমই রয়েছে। টিভিতে কোনো অনুষ্ঠান, নাটক বা চলচ্চিত্র দেখার সময় বিজ্ঞাপন বিরতি হয়। আর এ বিরতির ফাঁকে অন্য কোনো চ্যানেলে চলে যান দর্শকেরা। কিন্তু এ ক্ষেত্রে দেখা যায় চ্যানেলে চ্যানেলে শব্দ বা ভলিউমের তারতম্য হয়। এক চ্যানেলে ভলিউম বেশি আবার অন্য চ্যানেলে কম। এ সমস্যা দূর করার জন্য এগিয়ে এসেছে জাতিসংঘের অঙ্গসংগঠন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। তারা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের জন্য একটি নতুন মানসম্মত শব্দমাত্রা (অডিও লেভেল) নির্ধারণ করতে যাচ্ছে। আইটিইউর নতুন উদ্যোগ দর্শকদের টেলিভিশন দেখার ব্যাপারটাকে আরামদায়ক করবে বলে আইটিইউ মনে করে। আইটিইউ জানায়, টেলিভিশনের শব্দ বাড়া ও কমার পেছনে বেশ কয়েকটি কারিগরি কারণ রয়েছে। এ সমস্যা দূর করতে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর একটি মনিটর অথবা মিটার প্রয়োজন। এই মনিটরে শব্দের মাত্রা দেখাবে। এ ছাড়া শব্দের মানসম্মত মাত্রা নির্ধারণে সব সম্প্রচার প্রতিষ্ঠানকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যাতে শব্দ প্রকৌশলীরা সব সম্প্রচার প্রতিষ্ঠানে একটি মান (স্ট্যান্ডার্ড) মেনে শব্দমাত্রা ঠিক করতে পারেন।আইটিইউ এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব তৈরে করেছে। ‘অপারেশন প্র্যাকটিসেস ফর লাউডনেস ইন দ্য ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অব ডিজিটাল টেলিভিশন প্রোগ্রামস’ শীর্ষক এই খসড়া প্রস্তাবটি সুইজারল্যান্ডের জাতীয় টেলিযোগাযোগ প্রশাসনের অনুমোদনের জন্য পেশ করা হবে। —রোকেয়া রহমান