টেলিযোগাযোগ ক্যারিয়ারদের সম্পর্কের উন্নয়ন প্রয়োজন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের যোগাযোগের ধরন বদলেছে। নতুন যোগাযোগমাধ্যমের বদৌলতে পুরো বিশ্ব এখন এক কাতারে চলে এসেছে। কথা (ভয়েস) ও তথ্য (ডেটা) আদান-প্রদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ ক্যারিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যোগাযোগ-প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যাবসা-বাণিজ্য সম্প্রসারিত হয়েছে এ খাতে। এখন পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে হবে।দক্ষিণ এশীয় ক্যারিয়ার সম্মেলনের শেষ দিনে ‘দক্ষিণ এশিয়া: ক্যারিয়ারদের নয়া সম্ভাবনা’ শীর্ষক উপস্থাপনায় বক্তারা এসব কথা বলেন। ‘সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট’ নামের দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ ক্যারিয়ারদের দুই দিনের সম্মেলন ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল শনিবার শেষ হয়েছে। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড আয়োজিত সম্মেলনের দুই দিনে মোবাইল ফোন ব্যবহার করে বাণিজ্য, ডেটা ও ভয়েসের পাইকারি বাণিজ্য, দক্ষিণ এশিয়ার নেটওয়ার্ক বৃদ্ধিকরণসহ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ক্যারিয়ারদের নানা বিষয়ে আটটি ব্যক্তিগত উপস্থাপনা ও আটটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের আয়োজনে দক্ষিণ এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি দেশের ৮০টি প্রতিষ্ঠান ও ২৫০ জন বক্তা সম্মেলনের বিভিন পর্বে অংশ নেন। এসব আয়োজনে দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অংশ নেন। বাংলাদেশ থেকে এসব পর্বে অংশ নেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবিরসহ অনেকে। পাকিস্তানের মাল্টিনেটের জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি রাশিদ শাফি প্রথম আলোকে বলেন, দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বাংলাদেশের এ সম্মেলন ভূমিকা রাখবে। সম্মেলনের আহ্বায়ক এ বি এম রিয়াজুদ্দিন মোশাররফ বলেন, ‘কল বহন ও ডেটা পাঠানো এবং গ্রহণের পরিসংখ্যানে দক্ষিণ এশিয়া সামনের কাতারে রয়েছে। বাংলাদেশের অবস্থান এখানে পুরো বিশ্বের মধ্যে চতুর্থ।’ —জিয়াউর রহমান চৌধুরী