টেলিযোগাযোগ খাতে তরুণদের দক্ষ করে তুলতে হবে
‘পৃথিবী এখন তথ্যপ্রযুক্তিতে প্রবেশ করেছে। আগামী ৪০ বছর পর বিশ্ব কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবাও মুশকিল। এ জন্য আমাদের তরুণদের এই খাতে আরও দক্ষ করে তুলতে হবে।’ গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ু্ল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটএক্সপো মেলায় ‘টেলিকম ফর কমন পিউপল অ্যান্ড আইসিটি ইন্ডাস্ট্রি’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু। সেমিনারে টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস বলেন, ‘দেশটা দিন দিন ঢাকা শহরকেন্দ্রিক হয়ে উঠছে। আমরা চেষ্টা করছি তথ্যপ্রযুক্তির সব ধরনের সুযোগ-সুবিধা গ্রামেও পৌঁছে দিতে। ইতিমধ্যে শিক্ষা, কৃষি, আইন-কানুন সবকিছুই এখন তথ্যপ্রযুক্তির আওতায়। ইউনিয়নে ইউনিয়নে গড়ে তোলা হয়েছে তথ্যকেন্দ্র।’সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) নীতিমালা বিশেষজ্ঞ আনীর চৌধুরী, বেসিসের কোষাধ্যক্ষ সৈয়দ আলমাস কবিরসহ অনেকে। বক্তারা বলেন, সরকারের সেবা নিতে আগে জনগণ যে ভোগান্তিতে পড়ত, সেটা এখন কমে এসেছে। কারণ, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে অনেক সেবাই এখন পৌঁছে যাচ্ছে গ্রামের কৃষকের কাছে। মোবাইলে স্বাস্থ্যসেবা থেকে আইনের সহযোগিতাও পাচ্ছে দেশের নাগরিকেরা। এসবের পাশাপাশি বক্তারা বলেন, ‘ভাষা আমাদের প্রধান বাধা। ইন্টারনেটের ভাষা ইংরেজি। তাই আমাদের তরুণদের ইংরেজিতে আরও পারদর্শী করে গড়ে তুলতে হবে।’ —সুর জাহাঙ্গীর