টেলিযোগাযোগ বিষয়ে নতুন ওয়েব পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার ও প্রযুক্তিবিষয়ক অনলাইন পত্রিকা টেকজুম২৪ ডটকমের টেলিকম পোর্টালের (http://telecom.techzoom24.com) যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মিলনায়তনে নতুন পোর্টালটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষের ফলে এখন সবকিছু মানুষের হাতের নাগালেই চলে আসছে। প্রযুক্তির বিশ্বে টেলিকম এমন একটি খাত, যাকে বাদ দিয়ে প্রযুক্তি কল্পনা করা যায় না। এ গুরুত্বপূর্ণ খাত নিয়ে এ ধরনের সাইট বেশ উপকারী।’ এ সময় মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সরকারের তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বর্তমানে ইন্টারনেট ব্যবহারের ওপর যে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে, তা আগামী বছরের বাজেটে যাতে না থাকে, সে বিষয়ে মতামত দেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘টেলিকম খাতের সকল তথ্য সবার মাঝে তুলে ধরতে এটি একটি দারুন উদ্যোগ।আশা করছি দেশের টেলিকম খাতের সমস্যা, সম্ভাবনা, অর্জন, পরামর্শ এ পোর্টালের মাধ্যমে তুলে ধরা হবে।’অনুষ্ঠানে বক্তব্য দেন আমান গ্রুপের চেয়ারম্যান এম আমান উল্লাহ, বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা জি এম ফারুক খান, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন, টেকজুম২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ওয়াশিকুর রহমান। পরে আনুষ্ঠানিকভাবে টেলিকমবিষয়ক নতুন পোর্টালটির উদ্বোধন করা হয়। এতে টেলিকমবিষয়ক বিভিন্ন ধরনের সংবাদ, ছবি পাওয়া যাবে বলেও জানানো হয়। টেকজুম২৪ ডট কমে তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়। বিভিন্ন উদ্যোগের মধ্যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র টেলিকমের খবর নিয়ে বিশেষএ পোর্টাল তৈরি করে। —নুরুন্নবী চৌধুরী