টেসলার প্রযুক্তির প্রশংসায় অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি উদ্ভাবনে বরাবরই তালিকার শীর্ষে থাকে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। তাদের চমৎকার আবিষ্কারগুলো সবসময় প্রযুক্তিপ্রেমীদের মন জুগিয়েছে। তবে ভিন্নধর্মী প্রযুক্তি আবিষ্কারের শীর্ষ স্থানটি যে ধীরে ধীরে কেউ দখল করে নিচ্ছে, তা টের পেয়েছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। সম্প্রতি কানাডার একটি টেলিভিশন সাক্ষাৎকারে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রশংসা করেন তিনি।
আগামী দিনে প্রযুক্তি উদ্ভাবনে কারা নেতৃত্ব দিতে পারেন? সাক্ষাৎকারে নিজের প্রতিষ্ঠিত অ্যাপলের কথা বলেননি ওজনিয়াক। বিপরীতে তিনি প্রযুক্তি উদ্ভাবনে টেসলার নানা অর্জনের কথা জানিয়েছেন। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ককে অভাবনীয় সব আবিষ্কারের উদ্ভাবক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমি মনে করি টেসলা এখন পরিচালনার দিক থেকে সেরা পর্যায়ে রয়েছে। তারা অনেক ঝুঁকিপূর্ণ জিনিস তৈরিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
যোগাযোগব্যবস্থায় এলনের বৈদ্যুতিক গাড়ি ও স্বয়ংক্রিয় গাড়িকে নতুন অধ্যায়ের উন্মোচন বলে ওজনিয়াক বলেন, ‘আমি টেসলা নিয়ে বাজি ধরছি।’ কোন বিবেচনায় টেসলা অন্যদের চেয়ে আলাদা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টেসলা মডেল এস’ কারিগরি দিক থেকে তেমন কোনো চাকচিক্য না থাকলেও এর বাজারমূল্য এবং বাজার কেমন হবে, তা নিয়ে তারা বেশ ভালোই ভেবেছিল।
অনেকেই স্টিভ জবসের মতো স্টিভ ওজনিয়াককেও তাঁর মতোই একচেটিয়া মনোভাব পোষণকারী ভেবে থাকেন। এলন মাস্ক ও টেসলার সাফল্য কামনা করায় অনেকের সে ধারণা পাল্টেছে। ওজনিয়াক অ্যাপলের নাম না বললেও তাঁর প্রতিষ্ঠানও যে শেষ হয়ে যাচ্ছে, তা কিন্তু মোটেও নয়। অ্যাপলের এই সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, ‘গুগল, ফেসবুক, মাইক্রোসফট ও অ্যাপলের মতো যে কয়টি প্রতিষ্ঠান পৃথিবী বদলে দিয়েছে, তার মধ্যে টেসলাও আছে।’
শাওন খান সূত্র: সিনেট