টোকিওতে 'বাংলাদেশ নেক্সট' আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সম্ভাবনাময় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিশিল্পে বিনিয়োগে জাপানি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১৫ নভেম্বর টোকিওতে ‘বাংলাদেশ নেক্সট-ইয়োর নেক্সট আইটি ডেসটিনেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাপানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে টোকিও চেম্বার অব কমার্স (টিসিসিআই) ও জাপানে কর্মরত বাংলাদেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাপানের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশ নেন। খবর বিজ্ঞপ্তির।
উদ্বোধনী বক্তৃতায় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ করতে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।
তিনি বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে থেকে বেসিস ১০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ শুরু করেছে।
জাপান থেকেই ২০ কোটি ডলার আয় হবে বলে আমরা প্রত্যাশা করি।’
এ আয়োজনে গুগল জাপানের সাবেক প্রেসিডেন্ট নোরিয়ো মুরাকামি, বিএনআইয়ের সুনিচি নাকামুরা, বিজেআইটির নবুহিরো হায়াশি এবং বাংলাদেশ বিজনেস পার্টনার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ম্যাথওয়ার্কসের এম মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ মুকিত, কেডিডিআইয়ের রনি সাইদুল পারভেজ।এ পর্বের সঞ্চালনা করেন কিয়োশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশির আহমেদ।
এ আয়োজনে বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান উপস্থিত ছিলেন।