ট্যাব, ফ্যাব নিয়ে আসছে নকিয়া

২২ অক্টোবর আবুধাবিতে ‘নকিয়া ওয়ার্ল্ড ইভেন্ট’ নামের একটি আয়োজনে নতুন পণ্যের ঘোষণা দিতে পারে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। নতুন পণ্য ঘোষণার এই অনুষ্ঠান উপলক্ষে একটি ছবি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এ ছবিতে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ দেখানো হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বাজারবিশ্লেষকেরা ধারণা করছেন, ২২ অক্টোবর ছয়টি নতুন পণ্যের ঘোষণা দিতে পারে নকিয়া। এর মধ্যে রয়েছে ১০.১ ইঞ্চি মাপের ট্যাবলেট, নতুন ফ্যাবলেট, নতুন স্মার্টফোনের মডেল ও মাইক্রোসফটের নতুন কোনো ল্যাপটপ। এ অনুষ্ঠানে লুমিয়া ১৫২০ ফ্যাবলেট বা বড়মাপের স্ক্রিনযুক্ত স্মার্টফোন, লুমিয়া ২৫২০ নামের উইন্ডোজ ৮.১ নির্ভর ট্যাবলেট সবার নজর কাড়তে পারে।
মার্কিন বাজারবিশ্লেষকেরা বলছেন, নকিয়া দীর্ঘদিন ধরেই ট্যাবলেটের বাজারে আসার পরিকল্পনা করছে। আবুধাবির অনুষ্ঠান থেকে নকিয়া ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিতে পারে। উন্নত রেজুলেশনের ডিসপ্লে, প্রসেসরের পাশাপাশি চারটি রঙে নতুন ট্যাবলেট বাজারে আনতে পারে নকিয়া।
এদিকে, একই দিনে অর্থাত্ ২২ অক্টোবর নতুন আইপ্যাড বাজারে আনার জন্য যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের আয়োজন করছে অ্যাপল।
বাজারবিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপল ও নকিয়া কর্তৃপক্ষ প্রযুক্তিপণ্য ক্রেতাদের আকর্ষণ করতে নতুন পণ্য সম্ভার নিয়ে প্রস্তুত।