ট্যাব বিক্রির হুড়োহুড়ি

ছোট ট্যাবগুলো এখন বড় বড় কম্পিউটারের প্রতিদ্বন্দ্বী। ট্যাবের জনপ্রিয়তা যত বাড়ছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের রাতের ঘুম ততোই নষ্ট হবার জোগাড় হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, কম্পিউটার নির্মাতাদের ঘুম নষ্ট করে ট্যাবের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে।
গার্টনারের গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সালে ১৯ কোটি ৫৪ লাখ ইউনিট ট্যাবলেট বিক্রি হয়েছে যা ২০১২ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি। ট্যাবলেটের এ জনপ্রিয়তার পেছনে প্রধান ভূমিকা ছিল এর ছোট ছোট বিভিন্ন আকারের সহজলভ্যতা।
গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের শেষ নাগাদ ট্যাবলেটের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছিল গুগলের অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের মার্কেট শেয়ার ৬২ শতাংশ অর্থাৎ ২০১৩ সালে ১২ কোটি নয় লাখ ইউনিট অ্যান্ড্রয়েড ট্যাব বিক্রি হয়েছে। ২০১২ সালে অ্যান্ড্রয়েডের দখলে ছিল বাজারে ৪৫.৮ শতাংশ।
বাজার দখলের দিক থেকে ২০১৩ সালে পিছিয়ে পড়ছে অ্যাপলের আইওএস। কম দামের বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবের বিক্রি বেড়ে যাওয়ায় গত বছরে বাজারে ১৬.৮ শতাংশ দখল খুইয়েছে আইপ্যাড। গত বছর সাত কোটি চার লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।
গার্টনারের বিশ্লেষকেরা জানিয়েছেন, দ্রুত বর্ধনশীল বাজারগুলোতে ট্যাবলেটের জনপ্রিয়তা বেড়েছে বেশি। গত বছর দ্রুত বর্ধনশীল বাজারে ১৪৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে, যেখানে উন্নত বাজারগুলোতে এ বৃদ্ধির হার ছিল ৩১ শতাংশ।
এ বছর মাইক্রোসফটের ট্যাবলেট বিক্রি বাড়লেও বাজার দখলের হিসেবে তা খুবই সামান্য। ২০১৩ সালে ৪০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে মাইক্রোসফট। বাজার দখলের হিসেবে যা মাত্র ২.১ শতাংশ।
শীর্ষে অ্যাপল, দ্বিতীয় স্যামসাং
ট্যাব নির্মাতা হিসেবে এখনও শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। ৩৬ শতাংশ বাজার দখলে রেখেছে আইপ্যাড নির্মাতা প্রতিষ্ঠানটি। ১৯.১ শতাংশ দখল নিয়ে ট্যাবলেটের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ২০১৩ সালে তিন কোটি ৭৪ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে স্যামসাং। বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে আসুস। এক কোটি ১০ লাখ ইউনিট ট্যাব বিক্রি করে বাজারে ৫.৬ শতাংশ দখলে রেখেছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে আমাজন ও লেনোভো।
ট্যাবের বাজারে ২০১৩ সালে সবচেয়ে দ্রুত এগিয়েছে চীনের প্রতিষ্ঠান লেনোভো। গত বছরে প্রতিষ্ঠানটির ট্যাব বিক্রি বেড়েছে ১৯৮ শতাংশ পর্যন্ত।