ট্যাবলেট-ভক্ত নারী!
পুরুষের চেয়ে নারীই ট্যাবলেট কম্পিউটারের বেশি ভক্ত হয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চালানো এক জরিপে দেখা গেছে, পুরুষের চেয়ে নারীরা বেশি ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করছেন। এনডিটিভি জানিয়েছে, বাজার-বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোরের চালানো এ জরিপের ফল দাঁড়িয়েছে, ৫১ শতাংশ নারী ট্যাবলেটের ভক্ত।কমস্কোরের জরিপে দেখা গেছে, মানুষের কাছে যেসব প্রযুক্তি গ্রহণযোগ্যতা পেয়েছে, তার মধ্যে সবচেয়ে দ্রুত গ্রহণযোগ্য হয়েছে ট্যাবলেট কম্পিউটার। যুক্তরাষ্ট্রে এ বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে চারজন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করেছেন।কমস্কোরের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মার্ক ডোনোভান এ প্রসঙ্গে বলেন, ‘প্রথমবার ট্যাবলেট হাতে পাওয়ার পর ব্যবহারকারী তাঁদের পছন্দের ওয়েবসাইট দেখে নেন।’ট্যাবলেট কম্পিউটার কী কাজে ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তরে জরিপে অংশ নেওয়া অধিকাংশই ভিডিও দেখার পক্ষে তাঁদের রায় দিয়েছেন। প্রতিদিন গড়ে ১০ শতাংশ ট্যাবলেট ব্যবহারকারী তাঁদের পণ্যে ভিডিও দেখেন।জরিপে দেখা গেছে, ট্যাবলেট কম্পিউটার যাঁরা ব্যবহার করেন, তাঁরা অনেকেই বিত্তবান। পাঁচজন ট্যাবলেট ব্যবহারকারীর মধ্যে তিনজনের পারিবারিক আয় বছরে ৭৫ হাজার ডলারেরও বেশি।