‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ শীর্ষক নির্বাহী আদেশে সম্প্রতি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটিতে লোকবল নিয়োগে মার্কিনদের অগ্রাধিকার দেওয়া হবে। সে জন্যই এইচ ওয়ান বি ভিসা কর্মসূচি সংস্কার করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসীদের মধ্যে এইচ ওয়ান বি ভিসা সবচেয়ে জনপ্রিয়। প্রচুর ভারতীয় প্রকৌশলী ও প্রোগ্রামার যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য এ ধরনের ভিসা ব্যবহার করে আসছেন। ভিসা কর্মসূচির সংস্কার ভারতীয় কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করায় বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছে ভারত। এইচ ওয়ান বি ভিসার ৭০ শতাংশের বেশি পান ভারতীয় কর্মীরা। তাঁদের বেশির ভাগ প্রযুক্তি খাতে কাজ করেন।
ডোনাল্ড ট্রাম্প এবং অন্য সমালোচকেরা মনে করেন, এই ভিসা কর্মসূচিটি কিছু ভারতীয় প্রতিষ্ঠান অপব্যবহার করছে। যারা প্রচুর আবেদনপত্র পাঠিয়ে যুক্তরাষ্ট্রে কর্মী পাঠাচ্ছে। অন্যদিকে ভারতীয় সফটওয়্যার সেবাধর্মী প্রতিষ্ঠান নাসকম এই দাবি নাকচ করে দিয়েছে। ভারতীয় শিল্প সমিতি বলছে, তাদের ক্ষেত্রটিকে অমান্য করার জন্যই বর্তমান প্রচারণা চালানো হচ্ছে। তারা আরও বলছে, ভারতের ১৫ হাজার কোটি ডলারের প্রযুক্তি শিল্পই বরং যুক্তরাষ্ট্রে চাকরির ক্ষেত্র তৈরি করছে।
অনামিকা মণ্ডল, সূত্র: সিএনএন