ট্রাম্পের ফোনে মাত্র একটি অ্যাপ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইফোনে মাত্র একটি অ্যাপ রয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আইফোনে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন হিসেবে একমাত্র টুইটার রয়েছে। নিরাপত্তার কারণেই নাকি কম অ্যাপ ব্যবহার করে থাকেন তিনি। এর আগে গত জানুয়ারি মাসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে নিরাপত্তা বোধ করেন না।
নিয়মিত নিরাপত্তা সফটওয়্যার হালনাগাদের কারণে এখন আইফোন ব্যবহার করলেও তৃতীয় পক্ষের একাধিক অ্যাপ ব্যবহার থেকে বিরত রয়েছেন তিনি। তবে ট্রাম্পের কাছে টুইটার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্তত এই অ্যাপটি ব্যবহার করছেন তিনি। এক্সিওসে আরও বলা হয়, হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পকে তালিকা করে দেন ট্রাম্প টুইটার ব্যবহার থেকে শুরু করে কখন টিভি দেখবেন। তবে প্রতিবেদনে এটি পরিষ্কার করা হয়নি, প্রেসিডেন্টের মুঠোফোনের ব্যবহারও কীভাবে কর্মকর্তারা ঠিক করে দেন তা।
সূত্র: সিএনবিসি