ট্রিলিয়নের ঘর ছোঁবে অ্যাপলের মূলধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যাপল। বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৪ সাল নাগাদ অ্যাপলের বাজার মূলধন ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করতে পারে। অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম এক হাজার ডলার ছুঁলেই আর্থিক মূল্যমানের হিসেবে অ্যাপল এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। গত সপ্তাহ পর্যন্ত অ্যাপলের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৩৩.৩৮ ডলার। এ কারণে গত সপ্তাহে গুগলের শেয়ারমূল্যকে প্রথমবারের মতো পেছনে ফেলেছে অ্যাপল।টপেকা ক্যাপিটাল মার্কেটের শেয়ার বিশেষজ্ঞ ব্রেইন হোয়াইট জানিয়েছেন, অ্যাপলের আকাশছোঁয়া শেয়ারমূল্যই প্রতিষ্ঠানটিকে এক বছরেই ট্রিলিয়ন ডলারের ঘরে নিয়ে যেতে সক্ষম হবে। এখন সারা বিশ্বে অ্যাপল জ্বর আগুনের মতো ছড়িয়ে পড়েছে।প্রায় ৬০০ কোটি ডলারেরও বেশি শেয়ারমূল্যের কারণে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির খেতাব পেয়েছে অ্যাপল। ২০১১ সালে মাত্র সাড়ে ৩০০ বিলিয়ন ডলার বাজার মূলধন ছিল অ্যাপলের কিন্তু এক বছরের মধ্যে মুনাফার অঙ্ক এতটাই বেড়েছে যে বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপল এখন খুব দ্রুত ট্রিলিয়নের ঘরে পৌঁছে যাবে।উল্লেখ্য, প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী টিম কুক ২০১১ সালে অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ৫ অক্টোবর স্টিভ জবসের মৃত্যুর পর আইফোন ৪ এস ও নিউ আইপ্যাড বাজারে এনেছে অ্যাপল। সারা বিশ্বে অ্যাপল পণ্যের ব্যাপক চাহিদাও রয়েছে। এ প্রসঙ্গে টিম কুক বলেছেন, ‘আমাদের জোগান যদি বর্তমানের চাইতে বেশি হতো, সে ক্ষেত্রে আমরা আরও বেশি অ্যাপল পণ্য বিক্রি করতে পারতাম। কিন্তু চাহিদার তুলনায় জোগান কম থাকায় আমরা খুশি নই।’অ্যাপল নতুন পণ্য হিসেবে আইফোন ৫, আইটিভি, আইম্যাক, ম্যাকবুক এয়ার ও আইপড আনতে পারে বলে প্রযুক্তিবিশ্বে গুজব রটেছে। এদিকে অ্যাপলের নতুন পণ্যগুলো বাজারে এলে ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেই মনে করছেন বাজার-বিশ্লেষকেরা।