টয়োটার কোটি টাকার মেইল, আশা নয় সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়োটার লটারি জেতার মেইলের স্ক্রিনশট
টয়োটার লটারি জেতার মেইলের স্ক্রিনশট

বিশাল অঙ্কের লটারি জিতেছেন জানিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যদি আপনার ইনবক্সে মেইল আসে, আশান্বিত না হয়ে সতর্ক হোন। টয়োটার লোগোসহ একটি মেইল জিমেইলের ইনবক্সে আসতে পারে, যাতে ‘স্টার প্রাইজ উইনার লন্ডন’ নামে আপনাকে বিশাল পুরস্কার জেতার প্রলোভন দেখাতে পারে।

এই মেইলে দাবি করা হয়, যুক্তরাজ্যে টয়োটার বার্ষিক লটারি প্রচারণার অংশ হিসেবে আপনার ই-মেইলটি নির্বাচিত হয়েছে। এটা টয়োটা দৈবচয়নে নির্বাচন করে বলে লটারিতে অংশ না নিয়েও আপনি নির্বাচিত হতে পারেন। বিভিন্ন মহাদেশের কোটি কোটি মেইলের মধ্য থেকে মোট ২০ জনকে নির্বাচিত করা হয়েছে।

মেইলের পরবর্তী অংশে ব্যক্তিগত নানা তথ্য চাওয়া হয়, যার মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, পেশা, বয়স প্রভৃতি। এ তথ্যগুলো না দিলে আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না বলেও সতর্ক করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার জন্য এ মেইলগুলো এড়িয়ে চলাই শ্রেয়। যদিও এসব অজানা প্ররোচনামূলক মেইলের অধিকাংশই ফিল্টার হয়ে চলে যায় স্প্যামবক্সে, তবু সিস্টেমকে ধোঁকা দিয়ে কিছু মেইল আপনার ইনবক্সে চলে আসতে পারে। অনলাইনে লটারি জিতেছেন বলে আপনার কাছে পাঠানো এসব অজানা মেইলে বিশ্বাস না করার পরামর্শই দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

টয়োটার নাম ব্যবহার করে পাঠানো এই স্প্যাম মেইল সম্পর্কে টয়োটার সঙ্গে মেইলে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি জাপানের গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠানটি।

কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অনলাইনে লটারি জেতার মেইল হতে পারে ডিজিটাল প্রতারণার পাতা ফাঁদ। বড় কোম্পানিতে মোটা বেতনে চাকরির সুযোগ, পুলিশের বড় কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগের বার্তা, উকিল নোটিশ, ঘনিষ্ঠ বন্ধুর বিশেষ অফার, সম্পত্তির ভাগ, দরিদ্রকে সাহায্য—এ রকম নানা ছুতোয় আপনার ইনবক্সে জমা হওয়া ই-মেইলে মারাত্মক ভাইরাস বা ক্ষতিকারক সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে।

কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সাইবার-অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করতে এখন নানা সুবিধার কথা জানিয়ে, নানা কৌশলে ই-মেইল করছে। এ ধরনের মেইল যারা পাঠায়, তারা এখন কৌশল পরিবর্তন করেছে। এসব মেইলের উত্তর দেওয়া তো দূরের কথা, মেইল খোলার বিষয়ে সাবধান থাকুন। এসব মেইলে যেসব লিংক দেওয়া থাকে তাতে ক্লিক করবেন না। কারণ, এগুলো কম্পিউটারের ক্ষতিকারক মারাত্মক ভাইরাস আনতে পারে, যা আপনার কম্পিউটারের নানা তথ্য চুরি করতে সক্ষম।

সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে এশিয়ার বিভিন্ন অঞ্চলে ই-মেইল স্ক্যাম বেড়েছে।

মার্কিন গবেষকদের মতে, চটকদার বিষয়বস্তু রয়েছে এমন কিছু কিছু মেইল পড়ার জন্য ক্লিক করলে তা সর্বনাশের কারণ হতে পারে। ই-মেইলের বিষয়বস্তু অনেক সময় বড় ধরনের স্ক্যাম বা ফিশিং প্রচারণায় বড় ভূমিকা পালন করে। সাইবার দুর্বৃত্তরা মেইল ব্যবহারকারীদের বোকা বানানোর জন্য মেইলের বিষয়বস্তু নিয়ে নানারকম চাতুরী করে। এ ধরনের মেইলে ক্ষতিকর লিংক বা ভাইরাসযুক্ত ফাইল ডাউনলোডের লিংকও জুড়ে দিতে পারে দুর্বৃত্তরা।

জিমেইলে এমন মেইল আসে, যাতে দাবি করা হয়, যা কাউকে দেখানো উচিত হবে না
জিমেইলে এমন মেইল আসে, যাতে দাবি করা হয়, যা কাউকে দেখানো উচিত হবে না

লিংকডইনের আমন্ত্রণ

ই-মেইলের বিষয়বস্তু হিসেবে অনেক ক্ষেত্রে মেইলের ইনবক্সে এসে জমতে দেখা যায় লিংকডইনের আমন্ত্রণ। ওয়েবসেন্স রিসার্চ নামে একটি প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠানের গবেষকদের মতে, ই-মেইলের বিষয়বস্তু দেখেই অধিকাংশ সময় প্রতারণামূলক মেইল সম্পর্কে ধারণা করা সম্ভব। ই-মেইলে আসা লিংকডইনের আমন্ত্রণপত্র অধিকাংশ ক্ষেত্রে সঠিক হতে পারে, তবে কিছু কিছু মেইল আপনাকে ম্যালওয়্যারপূর্ণ ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে পরিচিত কারও লিংকডইন আমন্ত্রণ না হলে সরাসরি স্প্যাম হিসেবে নির্বাচিত করে দিতে পারেন। সরাসরি লিংকডইন প্রোফাইলে গিয়ে প্রোফাইল পরীক্ষা-নিরীক্ষা করে আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া উচিত।

যে মেইল পৌঁছায় না

যেসব মেইল পাঠানোর পর নির্দিষ্ট মেইল ঠিকানায় পৌঁছায় না ‘মেইল ডেলিভারি ফেইল’ হিসেবে ফেরত আসে, সে মেইলগুলো বিপজ্জনক হতে পারে। অনেক সময় সাইবার দুর্বৃত্তরা ‘মেইল ডেলিভারি ফেইল’ বিষয়বস্তু নির্বাচন করে ম্যালওয়্যারের লিংক পাঠায়। অনেক ক্ষেত্রে ব্যবহারকারী আগ্রহ নিয়ে কোন মেইল ফেরত এসেছে তা দেখতে ক্লিক করেন। মেইলে এ ধরনের বিষয়বস্তু থাকলে তা ক্লিক করার আগে অবশ্যই বিবেচনা করতে হবে।

গ্রাহকসেবার মেইল

অনেক সময় মেইলের বিষয়বস্তু হিসেবে লেখা হয় ‘ডিয়ার কাস্টমার’ বা প্রিয় গ্রাহক। এ বিষয়বস্তুটি বর্তমানে সাইবার দুর্বৃত্তরা বেশি ব্যবহার করছে। চাতুরী করে বিভিন্ন বিষয়ে লোভ দেখিয়ে এ ধরনের মেইল ব্যবহারকারীদের পাঠানো হয়। এসব মেইলে বিভিন্ন ম্যালওয়্যার সরবরাহকারী সাইটের লিংক থাকে। এসব লিংকে ক্লিক করা হলে এমন একটি সাইটে ব্যবহারকারী চলে যেতে পারেন, যা অবিকল আসল কোনো সাইটের মতো। কিন্তু এসব সাইট আসলে প্রতারণা করে তথ্য ও অর্থ হাতিয়ে নিতে পারে।

গুরুত্বপূর্ণ যোগাযোগের মেইল

অনেক সময় মেইলের বিষয়বস্তু হিসেবে লেখা থাকে ‘কমিউনিকেশন ইম্পোরট্যান্ট’ বা গুরুত্বপূর্ণ যোগাযোগ। এ ধরনের বিষয়বস্তু-সংক্রান্ত মেইলগুলো বিপজ্জনক। এ লিংকে ক্লিক করলে ব্যবহারকারী ভাইরাসপূর্ণ ওয়েবসাইটে চলে যেতে পারেন। এসব ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করলে কম্পিউটারের ক্ষতি হতে পারে।

স্ক্যাম থেকে সতর্ক থাকতে পাঁচ পরামর্শ

১. আপনার ইনবক্সে ক্ষতিকারক এ ধরনের মেইল এলে তা নির্বাচন করে স্প্যাম বলে চিহ্নিত করুন।

২. অনলাইনে অপ্রয়োজনে মেইল অ্যাকাউন্ট দেওয়া থেকে বিরত থাকুন।

৩. ই-মেইল পড়ে অর্থ উপার্জন, ই-মেইল ব্যবহার করে অনলাইন জরিপ, ক্লিক করে আয়—এ বিষয়গুলোতে সতর্ক থাকুন।

৪. ই-মেইল ক্লিক করার আগে মেইলদাতা সম্পর্কে ধারণা করে তবেই ক্লিক করুন। এ ধরনের মেইল দাতা সঠিক পরিচয় দেন না।

৫. ফিল্টার ব্যবহার করুন। জিমেইল ফিল্টার সম্পর্কে জানার লিংক https://support.google.com/mail/answer/6579?hl=en