ঠান্ডু চোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে চোর হিসেবে বিরাট সুখ্যাতি আছে ঠান্ডুর। চোর হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন সেলিব্রিটি হিসেবে। দশগ্রামে সবাই তাকে একনামে চেনে। কারণ, সে তার চোর ক্যারিয়ারে চুরি করতে গিয়ে কখনোই সফল হতে পারেনি।

তারপরও ঠান্ডুর আত্মবিশ্বাসের কমতি নেই। জীবনে একটা হলেও সফল চুরি সে করবেই, এই কঠিন পণ সে করে ফেলেছে বহুদিন আগে।

একদিন ঠান্ডু চলল হাটের উদ্দেশ্যে। হাটে যেসব চুরি বেশি হয়, তার মধ্যে সাইকেল অন্যতম। ঠান্ডু আত্মবিশ্বাসের সঙ্গে চলল সাইকেল চুরি করতে। সাইকেল-স্ট্যান্ড থেকে অত্যন্ত সুকৌশলে সাইকেলটা চুরিও করে ফেলল সে। চুরি করার পর এমন ভাব নিতে হবে, যেন সাইকেলটা আমারই। এসব ঠান্ডুর জানা। এবার বের হওয়ার পালা। সফলভাবে বের হতে সক্ষম হলো ঠান্ডু। সাইকেল চুরি করলে এই একটা সুবিধা, কেউ যদি চোর বলে ধাওয়াও করে, তাহলে সাইকেল চালিয়েই ভাগা যায়।

পেছন থেকে কেউ চোর বলে চিৎকার করেনি। ঠান্ডু নির্ভয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এই প্রথম নিজেকে গর্বিত চোর মনে হচ্ছে ঠান্ডুর কাছে। প্রথম সফল চুরিও। খুশিতে ঠান্ডুর চোর-সংগীত গাইতে ইচ্ছা করছে। সাইকেলটাকে মনে হচ্ছে মোটরসাইকেল!

হাট পেছনে রেখে অনেকটা পথ এসে পড়েছে ঠান্ডু। মনটা ফুরেফুরে। যাক, আর ভয় নেই। আরেকটু এগোতেই ঠান্ডু দেখতে পেল, দুই লোক তুমুল ঝগড়া করছে। ঠান্ডুর আপাতত কোনো ঝামেলায় জড়ানোর ইচ্ছা নেই। সে বিকল্প পথের কথা ভাবল একবার। আবার এ-ও মনে হলো, শুধু শুধু ভয় পাওয়ার কোনো মানে হয় না। ঝগড়া চলছে তাদের মধ্যে, এটা তাদের ব্যাপার। এতে আমার ভয় পাওয়ার কিছু নেই। লোক দুটোকে প্রায় অতিক্রম করে চলেই যাচ্ছিল ঠান্ডু। তখনই ঝগড়ারত দুজনের একজনের চিৎকার করে বলল, ‘তুই একটা চোর!’

ব্যস, এটুকু শুনেই ঠান্ডু সাইকেল থেকে লাফ দিয়ে দে ছুট। একেবারে পগারপার!

কাণ্ড দেখে লোক দুটো ঝগড়া ভুলে হাঁ করে তাকিয়ে থাকল পলায়নরত ঠান্ডুর দিকে। সঙ্গে সাইকেলটাও!