
রাত ১১টা। শহরের একটি ছাপাখানায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো হচ্ছে। ঝোপের আড়াল থেকে কড়া নজর রাখছে রানা। গত এক ঘণ্টায় শ খানেক মশার কামড় ছাড়া আর কিছু জোটেনি কপালে। অবশেষে সবুরে মেওয়া ফলল। ছাপাখানার গেট খুলে গেল। ষণ্ডা মার্কা এক লোক কাকে যেন বলল, ‘কাল রাতে প্রশ্ন দিতে অনেক দেরি হইছে। চৌধুরী সাব কিন্তু মাইন্ড করছেন!’
রানা বুঝল, যাকে খুঁজছিল তাকে পেয়ে গেছে। লোকটাকে অনুসরণ করতে শুরু করল সে। ধানমন্ডির একটা বিলাসবহুল বাড়ির গেট দিয়ে ঢুকল লোকটা। থামের আড়ালে দাঁড়িয়ে গিলটি মিয়াকে ফোন করল রানা। নম্বর বন্ধ। নিশ্চয়ই বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন করেনি—ভাবল রানা। ভাবতে না–ভাবতেই দেখল, পাশেই একটি অটোরিকশা এসে দাঁড়িয়েছে। ভেতর থেকে গিলটি মিয়া আর সোহানাকে নামতে দেখে অবাক হলো রানা।
‘বুড়োর হুকুম। প্রশ্ন ফাঁসের সঙ্গে একটা বড় সিন্ডিকেট জড়িত। তোমার নাকি সাহায্য লাগবে, তাই এলাম।’ রানার জিজ্ঞাসু দৃষ্টিতে সোহানা উত্তর দিল। মনে মনে খুশিই হলো রানা। পরক্ষণেই তাকাল বাসাটির গেটের দিকে। নিচে গার্ড নেই, কোনো বাধা নেই দেখে অবাক হলেও বিষয়টা আমলে নিল না সে।
ছাদে যাওয়ার জন্য লিফটে উঠে পড়ল। পাঁচতলায় গিয়ে লিফট আটকে গেল। লিফটের ভেতর জ্বলে উঠল উজ্জ্বল আলো। লাউড স্পিকারে গমগম করে উঠল কবীর চৌধুরীর কণ্ঠ, ‘ধরা পড়ে গেছ, রানা! গেট দিয়ে যখন ঢুকলে তখন দারোয়ান না দেখে তোমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। লিফটে আটকে রেখে তোমাকে মারতে চাই না। এখন যা বলি মন দিয়ে শোনো। লিফটের দরজা খুললে কোনো রকম চালাকির চেষ্টা কোরো না।’ রানা বুঝল, ফাঁদে পা দিয়ে ফেলেছে সে।
ছয়তলার একটা হলরুমে ওদের চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সামনে দুটি ষণ্ডা মার্কা লোক। একজনের হাতে রানার অস্ত্রটা শোভা পাচ্ছে। আরেক পাশে কবীর চৌধুরী বসে আছে বিশাল একটা কম্পিউটার স্ক্রিনের সামনে। রানাকে কী যেন দেখাবে। নেট স্লো, তাই দেরি হচ্ছে। বিরক্ত চৌধুরী উঠে এসে রানার মুখোমুখি হলো।
‘এত কিছু থাকতে তুমি প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়ালে!’ রানার কণ্ঠে বিস্ময়। আসলে সে সময় পেতে চাইছে। জানে, সময় পেলে এখান থেকে বেঁচে বের হওয়ার একটা উপায় বের হবে। রানাকে থামিয়ে দিয়ে চৌধুরী বলল, ‘প্রশ্নফাঁসকে ছোট চোখে দেখবে না, রানা। এটা আমার গবেষণার চেয়েও মারাত্মক ফলপ্রসূ। এই প্রশ্নফাঁসের বাণিজ্য কাজে লাগিয়েই আমি আমার গবেষণার সর্বোচ্চ প্রচার করতে পারছি।’
: মানে?
: তাহলে শোনো। এক বছর আগে আমার মহান মহান আবিষ্কার মানুষকে জানানোর জন্য ফেসবুকে একটা পেজ খুলেছিলাম। ‘আজব বিজ্ঞান’ নামের সেই পেজে এক বছরে লাইক দিয়েছে মাত্র ৭০ জন মানুষ। ওখান থেকে স্ট্যাটাস দিলে কিংবা বিজ্ঞানের আবিষ্কারের খবর শেয়ার করলে দুটি লাইকও পাওয়া যায় না। মানুষের এই বিজ্ঞানের প্রতি অনীহাই আমাকে প্রশ্ন ফাঁস করতে বাধ্য করেছে।
ইন্টারনেট ঠিক হয়ে গেছে। চৌধুরী গিয়ে কম্পিউটারের সামনে বসে ফেসবুক চালু করল, ‘দেখো, রানা!’ বলেই রানাকে তার পেজ দেখাল। পোস্টের অবস্থা সত্যিই খারাপ। লাইক-কমেন্ট কিছুই নেই। স্ট্যাটাসের এমন স্ট্যাটাস দেখে সোহানা আর চুপ থাকতে পারল না। বলেই ফেলল, ‘এর চেয়ে তো আমি “মন ভালো নেই” লিখে স্ট্যাটাস দিলেই শ পাঁচেক লাইক পাই!’
‘হুম্, তোমাদের মেয়েদের পোস্টে লাইক দেওয়ার জন্য ছেলেরা হুমড়ি খেয়ে পড়ে। এদিকে বিজ্ঞানের কিছু হলে তাদের কিছু আসে-যায় না।’ আক্ষেপ করেই বলল চৌধুরী।
‘কিন্তু এর সঙ্গে প্রশ্নফাঁসের কী সম্পর্ক?’ সোহানা আসলেই বুঝতে পারছে না।
সোহানার প্রশ্ন শুনে মুচকি হেসে এবারে আরেকটা পেজ দেখাল চৌধুরী। অবাক হয়ে ওরা দেখল ‘১০০% প্রশ্ন পাওয়ার নিশ্চয়তা’ পেজের অ্যাডমিন স্বয়ং কবীর চৌধুরী।
‘এই পেজ থেকে পরীক্ষার আগের রাতে সব প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়। আমি এখান থেকে যেকোনো স্ট্যাটাস দিলেই সেটা হিট। বিশ্বাস না হলে দেখো।’ বলে চৌধুরী স্ট্যাটাস দিল, ‘আজ রাত ১১টায় প্রশ্ন আসবে। চোখ রাখুন।’
সঙ্গে সঙ্গে হাজার হাজার লাইক-কমেন্টের বন্যা। একজন লিখেছে, ‘ভাই, তাড়াতাড়ি প্রশ্ন দিন! আমার ছেলেটা টেনশনে আছে।’ আরেকজন লিখেছে, ‘আপনার মতো লোক আছে বলেই এখনো জিপিএ-ফাইভ পাওয়ার স্বপ্ন দেখি।’
পুরো ঘটনা দেখে রানা তাজ্জব হয়ে গেল। চৌধুরী বলল, ‘বুঝলে রানা, সবই লাইক-কমেন্টের খেল। এই পেজ এখন আমার স্বপ্ন। প্রশ্ন ফাঁস করে করে আমি এই পেজটা আরও জনপ্রিয় করব। তারপর এই পেজের মাধ্যমে জিপিএ-ফাইভ প্রজন্মের কাছে আমার অসাধারণ সব আবিষ্কার তুলে ধরব। আজ অনেক কিছু খুলে বললাম। এখন বিদায় নিতে হচ্ছে, প্রিয় বন্ধু! তোমার ব্যবস্থা রুস্তম করবে।’
বলতে না–বলতেই ষণ্ডা মার্কা লোকটা এসে পিস্তল ধরে ওদের চেয়ারের বাঁধন খুলে দিল।
রুস্তম রানার দিকে হাত বাড়াতেই বিদ্যুৎ গেল চলে। জেনারেটর অন হওয়ার আগেই সুযোগটা কাজে লাগাল রানা। গায়ের সব জোর একত্র করে রুস্তমের সোলার প্লেক্সাসে লাথি হাঁকাল। রুস্তমের মুখ থেকে ‘কোঁৎ’ করে একটা শব্দ বেরিয়ে এল, জ্ঞান হারাল সঙ্গে সঙ্গে। জেনারেটর অন হলে দেখা গেল, অপরজন রানার দিকে এগিয়ে আসছে। পেছন থেকে গিলটি মিয়া এসে বলল, ‘এই নড়েচ কি মরেচ...!’
সচকিত রানা চৌধুরীর দিকে তাকাতেই দেখল, কম্পিউটারের সামনে কেউ নেই। ছাদের দিক থেকে শব্দ আসছে। রানা ছাদে যেতেই কবীর চৌধুরীকে নিয়ে উড়াল দিল একটা হেলিকপ্টার। ধীরে ধীরে সেটা বিন্দু বিন্দু হয়ে মিলিয়ে গেল রাতের আকাশে।
নিচে এসে কম্পিউটারের সামনে বসল রানা। ওর মাথায় একটা বুদ্ধি এসেছে। চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট তখনো খোলা। চৌধুরীর প্রশ্নফাঁসের পেজ থেকে এক গাদা ভুয়া প্রশ্ন তুলে দিয়ে লিখল, ‘আগামীকালের প্রশ্ন! ১০০% কমনের নিশ্চয়তা।’
রানাকে এমন কাজ করতে দেখে গিলটি মিয়া অবাক, ‘এ কী করচেন, স্যার!’
মুচকি হেসে রানা বলল, ‘যারা এসব প্রশ্ন দেখে এত দিন পরীক্ষা দিয়েছে, তারা আজ রাতে এই ভুয়া প্রশ্ন পড়ে গিয়ে কাল পরীক্ষায় ধরা খাবে। একবার ধরা খেলে ওরা আর এসব প্রশ্নে বিশ্বাস করবে না, বুঝেছ?’
মিশন শেষ। রানা উঠতেই ‘একটু দাঁড়াও’ বলে সোহানা কম্পিউটারের সামনে বসে পড়ল। কবীর চৌধুরীর ফেসবুক থেকে নিজের আইডিতে গিয়ে ওর সব ছবিতে ইচ্ছেমতো লাইক আর ‘নাইস পিক’, ‘কিউট পিক’, ‘অসাম পিক’ লিখে কমেন্ট করতে লাগল।
‘তেমন কিছু না। ফ্রিতে কিছু লাইক-কমেন্টস পেলাম, এই আরকি!’ বিস্মিত রানার দিকে তাকিয়ে সোহানার লাজুক জবাব।