ডকোমোর তেজস্ক্রিয়তা মাপার স্মার্টফোন
জাপানের অন্যতম বৃহত্ মুঠোফোন প্রতিষ্ঠান এনটিটি ডকোমো সম্প্রতি নতুন এক ধরনের স্মার্টফোন তৈরি করেছে। এই নতুন স্মার্টফোনের বিশেষত্ব হলো, এটি যেকোনো ধরনের তেজস্ক্রিয়তা নিরূপণ করতে পারে। গত মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমার পরমাণুকেন্দ্রে ভয়াবহ বিপর্যয় সংঘটিত হয়। এরপর জাপানের বিভিন্ন শহরে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে মানুষ ও প্রকৃতি বিপর্যয়ের সম্মুখীন হয়। মূলত সেই বিপদের অভিজ্ঞতা থেকেই ডকোমোর এই উদ্যোগ বলে জানা গেছে।জানা গেছে, এই নতুন স্মার্টফোনের মাধ্যমে তেজস্ক্রিয়তার পাশাপাশি মানুষের মুখের দুর্গন্ধ ও শরীরের মেদও নিরূপণ করা যাবে।আগামী মাসে জাপানে অনুষ্ঠেয় একটি প্রযুক্তি মেলায় এনটিটি ডকোমোর তৈরি নতুন এই স্মার্টফোনটি প্রদর্শিত হবে।এই নতুন স্মার্টফোনটিতে এনটিটি নতুন তিন ধরনের ‘বডি জ্যাকেট’ ব্যবহার করেছে। এই জ্যাকেটগুলো পরিবর্তনযোগ্য এবং এর মাধ্যমে মানুষের ত্বকের জন্য ক্ষতিকর অতি-বেগুনি রশ্মি সহজেই মনিটর করা যাবে। এ ছাড়া শরীরের মেদ ও মুখের দুর্গন্ধ নিরূপণের ব্যাপারগুলো তো রয়েছেই।ডকোমোর একজন মুখপাত্র বার্তা সংস্থাকে জানান, জাপানের মানুষ মার্চের ভূমিকম্প-পরবর্তী পরমাণু বিপর্যয় নিয়ে দারুণ আতঙ্কগ্রস্ত। ডকোমোর এই নতুন উদ্ভাবন তাদের একটু স্বস্তিই এনে দেবে বলে আশা করা যাচ্ছে। বিবিসি।