ডট অর্গের উপদেষ্টা হলেন নুরুল কবীর
স্পিনোভিশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী টি আই এম নুরুল কবীর ইন্টারনেটের অন্যতম শীর্ষ ডোমেইন ডট অর্গের ২০১২-১৫ মেয়াদের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। দি পাবলিক ইন্টারেস্ট রেজিস্ট্রি নামের (www.pir.org) ডট অর্গের ব্যবস্থাপনায় পরিচালিত সংস্থাটির উপদেষ্টা পর্ষদে (www.pir.org/about/council) এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার মোট ১৪ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হয়েছেন টি আই এম নুরুল কবীর। গতকাল শনিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘দেশের জন্য এটি একটি বড় অর্জন এবং বড় একটি স্বীকৃতি। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি তৈরির ক্ষেত্রে কাজ করে যাব।’দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত টি আই এম নুরুল কবীর সরকারি-বেসরকারি খাতের উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। ইন্টারনেটের টপ লেভেল ডোমেইনের মধ্যে ডট অর্গ অন্যতম। বতর্মানে ব্যক্তি, অলাভজনক বা স্বেচ্ছাসেবী সংস্থা ডোমেইন ডট অর্গ ব্যবহার করে। সংগঠনটি ইন্টারনেট ডোমেইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারের (আইসিএএনএন) সঙ্গে যুক্ত। —নিজস্ব প্রতিবেদক