ডট লন্ডনের জন্য চেষ্টা
লন্ডন নগর এবার নিজস্ব ওয়েব ডোমেইন (টপ লেভেল ডোমেইন) ‘ডট লন্ডন’ (.london) লাভের চেষ্টা চালাচ্ছে। লন্ডন নগরের আনুষ্ঠানিক প্রচারণা সহযোগী লন্ডন অ্যান্ড পার্টনারস এ বিষয়ে লন্ডনের মেয়রকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। আগামী বছরের এপ্রিল নাগাদ লন্ডন অ্যান্ড পার্টনারস ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নম্বরসের (আইসিএএনএন) কাছে এ বিষয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে। নগরের মেয়র বরিস জনসন সম্ভাব্য ডট লন্ডন ডোমেইন নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে, ডট লন্ডন ডোমেইন চালু হলে লন্ডনের অনলাইন নাগরিক সেবাগুলোর জনপ্রিয়তা ও কার্যকারিতা বাড়বে। ডট লন্ডন ডোমেইন লন্ডন নগরকে একটি বৈশ্বিক ডিজিটাল উদ্ভাবনীকেন্দ্রে পরিণত করার সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি মত প্রকাশ করেন। মেয়র বরিস জনসনের ডিজিটাল প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা কালভির রেঞ্জের মতে, ডট লন্ডন ডোমেইন লন্ডন নগরের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের গতি বাড়াবে এবং নগরে ব্যবসা-বাণিজ্যের নতুন নতুন ক্ষেত্র উন্মোচনেও সহায়তা করবে।উল্লেখ্য, নিউইয়র্ক, প্যারিস, সিডনি, রোম, বার্লিনসহ আরও কয়েকটি নগর একইভাবে নিজস্ব ওয়েব ডোমেইন লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে।—দ্য টেলিগ্রাফ অবলম্বনে সুজয় দাস