ডটকমের রজতজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইটের নামের শেষে সবচেয়ে পরিচিত ডোমেইন এখন ‘ডটকম’। এই ডোমেইন চালুর ২৫ বছর পূর্তি হয়েছে গতকাল সোমবার। ১৯৮৫ সালের ১৫ মার্চ ওয়েবসাইটের নামের শেষে প্রথমবারের মতো ‘ডট’(.)-এর পর ‘কম (com)’ যোগ করে কম্পিউটার নির্মাতাপ্রতিষ্ঠান সিম্বলিক। শুরুর দিকে এই ডোমেইনটি একেবারেই অপরিচিত ও অজনপ্রিয় হলেও বর্তমানে আট কোটি ছয় লাখের বেশি কার্যকর ওয়েবসাইট আছে ডককম ডোমেইনে। এ তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে আরও লাখখানেক নতুন নাম। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ডটকম ডোমেইন হিসেবে পরিচিত হওয়া শুরু করে।ব্লগারদের (ব্লগ লেখক) মধ্যে আলোচনা ও মতামতের ভিত্তিতে বিবিসি দেখেছে, প্রায় সবাই মনে করে, বর্তমানে পৃথিবীর এই দ্রুত বদলে যাওয়া আর উন্নয়নের পেছনে ওয়েবসাইট তথা ইন্টারনেটের অবদান সবচেয়ে বেশি। ইন্টারনেটের এই সমৃদ্ধি এক দিনে আসেনি। গত ২৫ বছরে কোটি কোটি নতুন সাইট যেমন হয়েছে, তেমনি অস্তিত্ব হারিয়েছে প্রায় সাড়ে ১১ কোটি ওয়েবসাইট। গত ২৫ বছরে ডোমেইন নামকরণে সমন্বয়তা আর ইন্টারনেটে সার্চ ইঞ্জিনের মতো বিষয় ওয়েবসাইটের এই জনপ্রিয়তা ও স্থায়িত্বের পেছনে কাজ করেছে। আজ মানুষের প্রাত্যহিক জীবনের একটা বড় সঙ্গী হয়ে উঠেছে ওয়েবসাইটগুলো। সামাজিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান, নতুন বিষয় সম্পর্কে জানা থেকে শুরু করে ছুটি কাটানোর জায়গা ঠিক করা পর্যন্ত যেকোনো কাজে সবাই ঝুঁকছে ডটকম সাইটগুলোতে। এ সম্পর্কে ডটকম ডোমেইনটির দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ভেরিসাইনের প্রধান নির্বাহী মার্ক ম্যাক লাউলিন বলেন, ‘২৫ বছর আগে কে ভেবেছিল, ইন্টারনেট আজকের অবস্থানে আসবে? আমার বিশ্বাস, ভবিষ্যতে ইন্টারনেটে চমকপ্রদ কোনো বদল আসবে। লেখার দিন হয়তো শেষ হয়ে আসছে। লেখার জায়গা দখল করে নেবে মানুষের কণ্ঠ। ছবি আর কথা দিয়ে ইন্টারনেটে নতুন চমক আসবেই। অপেক্ষা সেই বদলকে আলিঙ্গন করার।’—বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান