ডব্লিউএসআইএস পুরস্কার পেল দেশি প্রকল্প

চলতি বছরের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) একটি প্রকল্প৷ গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় একটি ডব্লিউএসআইএসের উচ্চপর্যায়ের বৈঠকে এ পুরস্কার দেওয়া হয়৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পুরস্কার গ্রহণ করেন৷ এটুআই সূত্রে জানা যায়, এ সময় আরও উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং বাংলাদেশে ইউএনডিপির সহকারী পরিচালক কে এম মোরশেদ। এটুআইয়ের ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ নামের প্রকল্প এ পুরস্কার পেয়েছে৷ এ প্রকল্পের মাধ্যমে সরকারি সেবা জনগণের কাজে সহজেই পৌঁছানো গেছে৷ এ বছর ১৬টি দেশের ১৭টি প্রকল্প পুরস্কার পেয়েছে৷ বাংলাদেশের আরও পাঁচটি সরকারি-বেসরকারি প্রকল্প মনোনয়ন পেয়েছিল৷
জাতিসংঘের তথ্যসমাজ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র ও কর্মপরিকল্পনার আলোকে তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে ২০১১ সাল থেকে ‘ডব্লিউএসআইএস প্রজেক্ট প্রাইজ’ দেওয়া হচ্ছে৷ চলতি বছরে সারা বিশ্ব থেকে ১৪০টি প্রকল্প মনোনয়ন পেয়েছিল৷ এরপর এসব প্রকল্পের জন্য দুই মাস ধরে ইন্টারনেটে সাধারণ মানুষের ভোট গ্রহণ করা হয়৷ ১৬ হাজারের বেশি ভোট পড়ে এ প্রতিযোগিতার জন্য৷
গতকাল আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) আয়োজিত তিন দিনের ডব্লিউএসআইএসের উচ্চপর্যায়ের বৈঠকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়৷ বাংলাদেশ ছাড়া পুরস্কার বিজয়ী অন্য দেশগুলো হলো—কলম্বিয়া, ঘানা, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত (দুটি), ওমান, পোল্যান্ড, সৌদি আরব, ভারত, মিসর, তুরস্ক, উরুগুয়ে, কুয়েত, কিউবা, ইথিওপিয়া ও তিউনিসিয়া৷ বিজয়ীদের তালিকা: (http://goo.gl/mkjhtV)৷ —রাহিতুল ইসলাম